সিরিয়ায় জর্ডানের বিমান বাহিনীর হামলা
জর্ডানের দারা ও সোয়ায়দা প্রদেশের গ্রামাঞ্চলের চারটি এলাকায় চালানো হামলায় তিন শিশু ও এক নারীসহ সাতজন নিহত হয়েছেন।
জর্ডানের বিমান বাহিনী সিরিয়ার দক্ষিণাঞ্চলে কথিত জঙ্গি আস্তানায় হামলা চালিয়েছে। সম্প্রতি জর্ডানের একটি গির্জায় হওয়া হামলার প্রতিক্রিয়ায় এ আঘাত হানা হয়।
সোমবার জর্ডান বলেছে, গত সপ্তাহে গির্জায় ওই প্রাণঘাতী হামলার পেছনে থাকা সন্দেহভাজনদের সঙ্গে সিরিয়ার দক্ষিণাঞ্চলে সক্রিয় ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ যোগসূত্র রয়েছে, এমনটি নির্ধারণের পর রাতে তাদের আস্তানায় আঘাত হানা হয়।
জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, দামেস্কের সঙ্গে সমন্বয় করেই অভিযানটি চালানো হয়েছে।
কিন্তু রয়টার্স বলছে, সিরিয়ার সরকার এ বিষয়ে পরস্পরবিরোধী বিবরণ দিয়েছে। এক বিবৃতিতে দামেস্ক জানিয়েছে, তারা জর্ডান থেকে হওয়া হামলার বিষয়ে তদন্ত শুরু করেছে। বিবৃতিতে সীমান্ত এলাকায় মাঠপর্যায়ের ও নিরাপত্তা সমন্বয়ের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দামেস্ক জর্ডানকে জানিয়েছে যে ‘কোনো পূর্ব সমন্বয় ছাড়াই’ চালানো এ হামলাগুলোর বিষয়ে তাদের ‘পূর্ণ আপত্তি’ রয়েছে।
প্রাথমিক এক প্রতিবেদনে সিরিয়ার সিভিল ডিফেন্স জানিয়েছে, জর্ডানের দারা ও সোয়ায়দা প্রদেশের গ্রামাঞ্চলের চারটি এলাকায় চালানো হামলায় তিন শিশু ও এক নারীসহ সাতজন নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। হামলার পর জরুরি পরিষেবার দলগুলো ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
সিরিয়ার এসব বিবরণের বিষয়ে জর্ডানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
এই হামলার পর মঙ্গলবার সিরিয়া জর্ডানের সঙ্গে থাকা নসিব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। এতে উভয়দিকে যাত্রী ও যান চলাচল বন্ধ হয়ে যায়।
সিরিয়ার সীমান্ত ক্রসিং ও শুল্ক বিষয়ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দারা প্রদেশে উত্তেজনাপূর্ণ নিরাপত্তা ও সামরিক পরিস্থিতির কারণে ক্রসিংটি বন্ধ রাখা হয়েছে।
সিরিয়ার সঙ্গে থাকা জর্ডানের একমাত্র যাত্রী ও বাণিজ্যিক পণ্য পারাপারের ক্রসিং এই ‘নসিব’।
সোমবার সকালে জর্ডানের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, গির্জায় হামলার ঘটনায় সঙ্গে জড়িত আছেন সন্দেহে নিরাপত্তা বাহিনী দুই ভাই ও তাদের দুলাভাইকে গ্রেপ্তার করেছে। এই হামলার ঘটনায় গুলিতে নয়জন নিহত হয়।
