১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

জর্ডানে গির্জায় হামলার এক মাসের কম সময়ে তিনজনের মৃত্যুদণ্ড

গত ২৩ অক্টোবর জর্ডানে একটি গ্রিক অর্থোডক্স গির্জায় শেষকৃত্যানুষ্ঠানের সময় বন্দুক হামলায় ৯ জন নিহত এবং আরও ৩৪ জন আহত হয়।

জর্ডানে গির্জায় হামলার এক মাসের কম সময়ে তিনজনের মৃত্যুদণ্ড

জর্ডানের অর্থডক্স গির্জায় গতমাসে হামলায় ৯ জন নিহত হয়। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 09:47 PM

Updated : 15 Nov 2026, 09:47 PM

গত মাসে গির্জায় প্রাণঘাতী বন্দুক হামলার অভিযোগে জর্ডানের একটি আদালত তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে।

গত ২৩ অক্টোবর কারাক গভর্নরেটের এক গ্রিক অর্থোডক্স গির্জায় খ্রিস্টানদের একটি শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ওপর চালানো ওই হামলায় ৯ জন নিহত এবং আরও ৩৪ জন আহত হয়।

জর্ডানের সশস্ত্র বাহিনী রোববার এক বিবৃতিতে জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদেরকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ সংঘটনের পাশাপাশি অস্ত্র রাখা, ‘সন্ত্রাসী সংগঠনের আদর্শ প্রচার’ এবং ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র’ করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

তারা তিনজনের দুই জন জর্ডানি ভাই এবং আরেকজন তাদের শ্যালক। হামলার পর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং তিনদিন পর গ্রেপ্তার হন। তাদের পরিচয় জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ জর্ডানের কারাক অঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক খ্রিস্টান সম্প্রদায়ের বাস।

গির্জায় হামলার দিনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বন্দুক হাতে তিনজন হ্মুদ গ্রামের সেন্ট জর্জ গির্জার দিকে এগিয়ে যাচ্ছেন এবং গুলি চালাচ্ছেন।

দ্বিতীয় একটি ভিডিওতে গির্জার ভেতরের বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে আহত ও নিহতদের মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। হামলাকারীরা কেন এই গির্জাকে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

হামলার পরপরই জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এক্সে লিখেছিলেন: "কারাকে এই সন্ত্রাসী হামলার কঠোরতম জবাব দেওয়া হবে। যারা নিজেদের এই ভ্রান্ত ধারণায় ডুবিয়ে রেখেছে যে, তারা বুলেট দিয়ে জর্ডানিদের বিভক্ত করতে পারবে, আমাদের ঐক্যের সামনে তাদের সেই সুযোগ নেই।"

হামলাকারী তিনজন গুলি চালানোর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং পরে রাজধানী আম্মানের দক্ষিণে অবস্থিত কারাক গভর্নরেটের একটি পরিত্যক্ত বাড়ির ভেতরে তাদের অবস্থান শনাক্ত করা হয়।

ওই সময় জননিরাপত্তা বিভাগ জানিয়েছিল যে, হামলাকারীরা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চারিয়েছে। জবাবে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে তারা তিনজনই আহত হয়। তবে গোলাগুলিতে নিরাপত্তা বাহিনীর কোনও সদস্য আহত হননি।

সন্দেহভাজন হামলাকারীদের শেষ পর্যন্ত ধাওয়া করার জন্য বাদশাহ আবদুল্লাহ নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন।

কারাকে গির্জায় গুলির ঘটনার পরের সপ্তাহে, এই হামলার প্রতিশোধ হিসেবে জর্ডান সিরিয়ায় এমন কিছু নিশানায় আঘাত হানে, যেগুলোকে জর্ডানের সামরিক বাহিনী ‘সন্ত্রাসী সংগঠন’ বলে অভিহিত করেছে।