১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

তাপস চন্দ্র সরকার নওপাড়া গ্রামের মৃত সুনীল চন্দ্র সরকারের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 11:41 PM

Updated : 09 Nov 2026, 11:41 PM

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মাছের ঘেরে পানি দেওয়ার জন্য মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান।

নিহত তাপস চন্দ্র সরকার (৪৫) ওই গ্রামের মৃত সুনীল চন্দ্র সরকারের ছেলে। তিনি নওপাড়া বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে বাড়ির পেছনে থাকা মাছের ঘেরে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটরের সুইচ অন করতে যান তাপস। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘরের ভেতর পড়ে যান।

পরে তার ভাই বিলাস চন্দ্র সরকার মাছের ঘেরে খাবার দিতে যাওয়ার সময় তাপসকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

স্বজনরা উদ্ধার করে দ্রুত আদমপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাপসকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ওসি তরিকুল বলেন, পুলিশ লাশ উদ্ধার সংক্রান্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। পরিবারের আবেদনের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।