১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

৬ বছরের মেয়েকে ঘরে আটকে ছুরি হাতে বাবা, চাল খুলে উদ্ধার করল ফায়ার সার্ভিস

পুলিশ বলছে, ২৮ বছর বয়সি নাছির উদ্দিন তিন বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 04:49 PM

Updated : 17 Nov 2026, 04:49 PM

ছয় বছর বয়সি মেয়েকে নিয়ে ঘরের ভিতর ঢুকে দরজায় ছিটকিনি লাগিয়ে দেন বাবা। এ সময় কাউকে ঘরে ঢুকতে দিচ্ছিলেন না ওই ব্যক্তি। উল্টো ঘরের ভিতরে বসে জিকির করছিলেন।

এক পর্যায়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে দরজা খোলার চেষ্টা করে। কিন্তু ফায়ার সার্ভিস সদস্যদের দিকে ছুরি হাতে তেড়ে যান ওই বাবা। পরে ঘরের টিনের চালা খুলে কৌশলে বাবা ও মেয়েকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদরের শিব মন্দির সংলগ্ন ওসমানের কলোনিতে সোমবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, ২৮ বছর বয়সি নাছির উদ্দিন তিন বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন। গত কিছুদিন ধরে ঠিকমত ওষুধ না খাওয়ায় হঠাৎ তিনি অসুস্থ্য হয়ে এ কাণ্ড ঘটান বলে পুলিশকে জানিয়েছে পরিবারের সদস্যরা।

স্থানীয়রা বলছেন, বাঁশখালীর স্থায়ী বাসিন্দা নাছির উদ্দিনের স্ত্রী পোশাক কারখানার কর্মী। তাদের দুটি সন্তান আছে। আনোয়ারা সদরে ওই ভাড়া বাসায় তারা থাকেন। সোমবার ছোট সন্তানকে নিয়ে কাজে যান নাছিরের স্ত্রী। এ সময় তাদের বড় মেয়ে বাবার কাছে ছিল।

ফায়ার সার্ভিসের আনোয়ারা স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর আবদুল্লাহ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার বিকেল থেকে ছয় বছরের মেয়েকে নিয়ে ঘরে ছিটকিনি লাগিয়ে বসেছিলেন ওই বাবা। প্রতিবেশীরা ডাকাডাকি করলেও তিনি বের হননি। ঘরের ভিতর বসে জিকির করছিলেন।

“পরে বাঁশখালী থেকে উনার ভাই এসে বিষয়টি জানতে পেরে আমাদের জানান। আমরা সেখানে গিয়ে টিনের চালা খুলে উনাদের বের করে আনি। এ সময় ওই বাবার হাতে একটি ছুরি ছিল। তিনি সেটি দিয়ে আমাদের ভয় দেখাচ্ছিলেন। তবে সন্তানের কোন ক্ষতি করেননি। মেয়েটিও কান্নাকাটি করেনি।”

উদ্ধার কাজে গেলে নাছির উদ্দিন কিছুটা ক্ষিপ্ত হয়ে ওঠেন জানিয়ে আবদুল্লাহ হোসেন বলেন, “সামনে থেকে দরজা খুলে বা অন্যভাবে বের করতে গেলে উনার হয়ত ক্ষতি হত। তাই টিনের চালার এক পাশের অংশ খুলে বের করে আনি। পরে উনাকে আমরা পুলিশের কাছে হস্তান্তর করি।”

আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, “ওই ব্যক্তি ২০২৩ সাল থেকে মানসিকভাবে অসুস্থ বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। নিয়মিত ওষুধ না খাওয়ায় উনি এরকম আচরণ করেছেন বলে স্বজনদের দাবি। তারা নিয়মিত চিকিৎসা করাবেন বলে কথা দিয়েছেন। তাই উনার ভাই ও পরিবারের জিম্মায় দিয়েছি।”