২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

নওয়াজউদ্দিন-দিয়ার নতুন সিরিজ ও ইন্সটাগ্রাম পোস্ট: ক্ষোভ নাকি প্রচার কৌশল?

“একসঙ্গে কাজ করা যেন দুঃস্বপ্নের মত! কথা বলার ন্যূনতম শিষ্টাচারটুকুও তার মধ্যে নেই।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 11:38 AM

Updated : 24 Nov 2026, 11:38 AM

বলিউডি অভিনেত্রী দিয়া মির্জা ও নওয়াজউদ্দিন সিদ্দিকী হঠাৎ আলোচনায়। কারণ নওয়াজউদ্দিনের আচরণ নিয়ে অভিনেতার ওপর ক্ষোভ ঝেড়েছেন দিয়া। সেখান থেকেই আলোচনার শুরু।

এর মধ্যে ইন্সটাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন অভিনেত্রী। সেখানে নওয়াজউদ্দিনকে ট্যাগ করে কটাক্ষ করেছেন দিয়া।

অভিনেত্রী লিখেছেন, “একসঙ্গে কাজ করা যেন দুঃস্বপ্নের মত! কথা বলার ন্যূনতম শিষ্টাচারটুকুও তার মধ্যে নেই। তার উপরে এমন মনোভাব! অত্যন্ত আপত্তিকর চরিত্রের মানুষ!”

দিয়ার এই পোস্টের কমেন্টের ঘর উপচে উঠেছে নানা প্রশ্নে।

কারও প্রশ্ন নওয়াজউদ্দিন সিদ্দিকীর কোন আচরণে অসন্তুষ্ট হলেন অভিনেত্রী? সিনেমা বা সিরিজের শুটিংয়ে এমন কিছু ঘটেছে, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ?

এসব প্রশ্নের কোনো উত্তর দেননি দিয়া।

সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’ জানিয়েছে, একসঙ্গে একটি ওয়েবে সিরিজে কাজ করতে গিয়েই নাওয়াজের ‘উপর অসন্তুষ্ট হয়েছেন’ অভিনেত্রী।

ওয়েব সিরিজটির নাম ‘ডক্টর হাসান’। সেখানে নওয়াজউদ্দিন চিকিৎসক ‘ইমরান হাসান’ ও দিয়াকে ‘পলক জৈন’র ভূমিকায় দেখা যাবে। আগামী ১১ ডিসেম্বর সিরিজটি প্রচারে আসছে। পরিচালনা করেছেন রোহান সিপ্পী।

তবে উল্টো কথাও উড়েছে। সোশাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশের ধারণা, ওয়েব সিরিজ ‘ডক্টর হাসান’ ঘিরে দর্শকদের আগ্রহ বাড়াতেই এমন পোস্ট করা হয়ে থাকতে পারে।

নাওয়াজউদ্দিনও এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেখাননি। সেক্ষেত্রে দুই তারকার মধ্যে কী চলছে, তা নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা।