‘হিজাব না পরায়’ ভেনিসে বাংলাদেশি মা-মেয়েকে হুমকির অভিযোগ
“হিজাব পরতে বাধ্য করা যেমন সহিংসতা, তেমনি হিজাব খুলতে বলাও অন্যায়।”
ইতালির ভেনিসে ‘পশ্চিমা জীবনযাপন ও নিজেদের পছন্দের পোশাক পরার’ কারণে বাংলাদেশি এক নারী ও তার মেয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক নির্যাতন ও সামাজিক হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত স্বামী ও বাবা বাংলাদেশে ফিরে গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে তাদের হয়রানি অব্যাহত রেখেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ইতালির স্থানীয় সংবাদমাধ্যম ইল গাজেত্তিনো সোমবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তবে মূল প্রতিবেদনে ভুক্তভোগীদের নাম প্রকাশ করা হয়নি, দেশটির আইন অনুযায়ী তাদের পরিচয় গোপন রাখা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘পশ্চিমা জীবনধারা’ অনুসরণ করতে চাওয়ায় মেয়ের ওপর পারিবারিক চাপ তৈরি হয়। মেয়ের পক্ষে অবস্থান নেওয়ায় তার মা-ও দীর্ঘদিন স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। একপর্যায়ে তাকে ব্লিচিংজাতীয় রাসায়নিক পদার্থ দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগও ওঠে। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করা হলে ভুক্তভোগীদের সুরক্ষায় ব্যবস্থা নেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, অভিযোগের পর প্রায় এক বছর আগে ওই ব্যক্তি বাংলাদেশে ফিরে যান। তবে দেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার, অপমানজনক মন্তব্য ও হুমকি’ দিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে মা ও মেয়েকে আবারও সহায়তা চাইতে হয়েছে।
ভুক্তভোগী মা ও মেয়ের অভিযোগ, ‘হিজাব না পরা এবং নিজেদের পছন্দ অনুযায়ী জীবনযাপন’ করায় বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের কাছ থেকেও তারা অপমান, বিদ্রুপ ও সামাজিক চাপের মুখে পড়ছেন।
মেয়েটি পড়াশোনা চালিয়ে যেতে, কাজ করতে এবং নিজের ভবিষ্যৎ সম্পর্কে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে চায়। পারিবারিক ও সামাজিক বাধা পেরিয়ে নিজের মতো করে জীবন গড়তে চায় সে।
এ বিষয়ে ভেনিসে বাংলাদেশি বংশোদ্ভূত সাংস্কৃতিক কর্মী রিতু মিয়া বলেন, “কাউকে জোর করে হিজাব পরতে বাধ্য করা যেমন সহিংসতা, তেমনি জোর করে হিজাব খুলতে বাধ্য করাও একই ধরনের অন্যায়। পোশাক ও জীবনযাপনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার নারীর নিজের।”
তিনি বলেন, “কোনো ব্যক্তির অপরাধের দায় পুরো সম্প্রদায়ের ওপর চাপানো উচিত নয়। অপরাধীদের বিচারের আওতায় আনার পাশাপাশি ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।”
প্রতিবেদনে এ ঘটনা নিয়ে ইতালির রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের প্রতিক্রিয়াও তুলে ধরা হয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইতালির লিগা পার্টির রাজনীতিক আন্না মারিয়া চিসিন্ত এ ঘটনাকে ‘ইসলামি উগ্রপন্থার’ প্রভাবের উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তার দাবি, “এ ধরনের চর্চা ইতালির আইন ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।”
অন্যদিকে, ভেনিস ও মেস্ত্রের গ্র্যান্ড মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের পরিচালক প্রিন্স হাওলাদার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে মুসলিম সম্প্রদায়ের ধর্ম পালনের উপযুক্ত স্থান নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বড়দিনের আয়োজনের প্রস্তুতির মধ্যে মসজিদ ও নামাজের স্থান নিয়ে স্থানীয় প্রশাসনের বিভিন্ন বিধিনিষেধ ও সিদ্ধান্তের সমালোচনাও করেন তিনি।
ইল গাজেত্তিনোর প্রতিবেদনে মা ও মেয়ের নিরাপত্তার বিষয়টির পাশাপাশি ইতালিতে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে ব্যক্তিগত স্বাধীনতা, ধর্মীয় অনুশাসন ও সামাজিক সহাবস্থান নিয়ে চলমান বিতর্কও উঠে এসেছে।
