০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ইতালির বিমানবন্দরে ২৮ কেজি রুপাসহ বাংলাদেশি যাত্রী আটক

তিনি ইস্তাম্বুল হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করার প্রস্তুতি নিচ্ছিলেন।

সাইফুল ইসলাম, ইতালি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 08:13 PM

Updated : 03 Oct 2026, 08:14 PM

ইতালির রোমে লিওনার্দো দ্য ভিঞ্চি–ফিউমিচিনো বিমানবন্দরে চারটি সুটকেসে করে প্রায় ২৮ কেজি রুপা বহনের সময় এক বাংলাদেশি যাত্রীকে দেশটির ফিন্যান্স পুলিশ আটক করেছে বলে খবর পাওয়া গেছে।

তবে দেশটির আইন অনুসারে আটককৃত ওই বাংলাদেশির নাম ও পরিচয় প্রকাশ করেনি প্রশাসন। তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়নি, তবে ফৌজদারি মামলায় অভিযুক্ত করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম ‘রাইনিউজ’-এ প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, জব্দ করা রুপার আনুমানিক মূল্য ৩৬ হাজার ইউরোর বেশি। বাংলাদেশি ওই যাত্রী লিওনার্দো দ্য ভিঞ্চি–ফিউমিচিনো বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশে যাত্রা করার প্রস্তুতি নিচ্ছিলেন।

এসময় বিমানবন্দরের ফিন্যান্স পুলিশ এবং কাস্টমস ও মনোপলি সংস্থার কর্মকর্তারা তার লাগেজে তল্লাশি চালান। প্রথমে এক্স-রে স্ক্যানের মাধ্যমে চারটি চেক-ইন সুটকেস পরীক্ষা করা হয়।

স্ক্যানিংয়ে সন্দেহজনক কিছু ধরা পড়ার পর লাগেজগুলো খুলে তল্লাশি চালানো হয়। এসময় বিভিন্ন প্লাস্টিকের প্যাকেটের মধ্যে রাখা রুপার গহনা ও অন্যান্য রুপার সামগ্রী উদ্ধার করা হয়। তদন্তকারীদের হিসাবে, সব মিলিয়ে উদ্ধার হওয়া রুপার ওজন প্রায় ২৮ কেজি এবং এর বাজারমূল্য ৩৬ হাজার ইউরোর বেশি।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি জব্দ করা মূল্যবান সামগ্রীর উৎস ও মালিকানা সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করতে পারেননি। আন্তর্জাতিকভাবে বহনের জন্য এসব সামগ্রীর প্রয়োজনীয় নথিপত্র বা অনুমোদনের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তল্লাশির পর রুপাগুলো প্রমাণ হিসেবে জব্দ করা হয়েছে। বিচারিক কর্তৃপক্ষও জব্দের বিষয়টি অনুমোদন করেছে। তার বিরুদ্ধে অবৈধ উৎসের সম্পদ গ্রহণ বা গোপন রাখার অভিযোগে তদন্ত চলছে।

ইতালীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা রুপার প্রকৃত উৎস, মালিকানা এবং এর সঙ্গে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।