২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ভোরে হাঁটতে বের হওয়া মানুষ মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর মেহেদীর মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 11:42 AM

Updated : 24 Nov 2026, 11:42 AM

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোর ৫টার দিকে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় শহরের দর্জিঘাট এলাকার পূর্ব পাশে এ ঘটনা ঘটে বলে চাঁদপুর রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান।

নিহত মেহেদী (২২) পেশায় বেকারির কর্মচারী ছিলেন। তার বাবার নাম সুমন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায়। তবে তিনি শহরের ৭ নম্বর ওয়ার্ডের যমুনা রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়রা জানায়, ভোরে হাঁটতে বের হওয়া মানুষ মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর দর্জিঘাট এলাকার পূর্ব দিকে রেললাইনের পাশে মেহেদীর মরদেহ পড়ে থাকতে দেখে। তাদের ধারণা, ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

এ সময় ঘটনাস্থলের পাশে মেহেদীর ব্যবহৃত মোবাইলও পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি চাঁদপুর রেলওয়ে পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে ফোন থেকে নম্বর সংগ্রহ করে পরিবারের সদস্যদের খবর দেয়।

রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তার মরদেহ সুরতহালের জন্য নেওয়া হচ্ছে। মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবারের সদস্যরা এসে পৌঁছালে মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।