শেরপুরে ভ্রাম্যমাণ ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২
পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুরের ঝিনাইগাতীতে শ্যালোইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল উল্টে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।
রোববার দুপুরে উপজেলার পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝিনাইগাতী থানার ওসি এসএম নূর মোহাম্মদ।
নিহত হোসাইন আলম (৩০) নামে উপজেলার তাওয়াকোচা গ্রামের গুঞ্জর আলীর ছেলে। তিনি ভ্রাম্যমাণ ধান মাড়াইকলের ব্যবসা করতেন।
এ ঘটনায় আহতরা হলেন, একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে সুজন মিয়া (১৮) এবং করিম আলীর ছেলে শিহাব (১৮)।
প্রত্যক্ষদর্শীরা বলেন, হোসাইন আলমসহ কয়েকজন পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়ক দিয়ে ধান মাড়াইকলটি চালিয়ে নিয়ে যাওয়ার সময় সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে মাড়াইকলে থাকা তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে হোসাইন আলমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক সাদিকুর রহমান।
গুরুতর আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঝিনাইগাতী থানার ওসি এসএম নূর মোহাম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
