ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রলি, নিহত ১
এ ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান স্থানীয়রা।
ঝালকাঠির নলছিটিতে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে একজন নিহত ও দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঝালকাঠি-নলছিটি আঞ্চলিক মহাসড়কের ষাটপাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ।
নিহত ফোরকান গাজী (৩৫) সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার মরতুজা গাজীর ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে একটি ট্রলি ঝালকাঠি-নলছিটি আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রলিতে থাকা ব্যক্তিরা ছিটকে পড়লে ঘটনাস্থলেই ফোরকান গাজী নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা আহত দুজনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠান।
ওসি তৌহিদুজ্জামান সোহাগ বলেন, খবর পেয়ে দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
