কুমিল্লায় মাহফিলের অনুমতি না মেলায় সড়কের পাশে বক্তব্য দিয়ে চলে গেলেন তাহেরী
তার আগমন ঘিরে আগে থেকেই বিক্ষোভ ও মানববন্ধন করেন স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় মাহফিলের অনুমতি না মেলায় নির্ধারিত স্থানে বক্তব্য দিতে পারেননি মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।
পরে সড়কের পাশে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে চলে যান তিনি।
শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার অলির বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে অলির বাজারে তাহেরীর মাহফিল হওয়ার কথা ছিল। তবে প্রশাসনের অনুমতি না থাকায় তা হয়নি। এদিকে তাহেরীর আসাকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকেই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তারা তাহেরীকে এলাকায় আসতে না দেওয়ার দাবিতে প্রশাসনের কাছে আবেদন জানান।
পরে সদর দক্ষিণ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহফিল বন্ধ রাখার অনুরোধ করে।
বিকাল চারটার দিকে তাহেরী অলির বাজারে পৌঁছে সড়কের পাশে দাঁড়িয়ে দুই থেকে চার মিনিট বক্তব্য দেন। এরপর তিনি সেখান থেকে চলে যান।
হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই তাহেরীর মাহফিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তিনি একজন বিতর্কিত বক্তা। এ কারণে স্থানীয়দের সঙ্গে তারাও প্রতিবাদ জানিয়েছেন।
তাহেরীর অনুসারী আমির হোসেন বলেন, হেফাজতে ইসলামের লোকজন তাহেরীকে মাহফিল করতে দেননি। এ কারণে তিনি সড়কের পাশে দাঁড়িয়ে কয়েক মিনিট কথা বলে চলে যান।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, অলির বাজারে মাহফিলের জন্য প্রশাসনের অনুমতি ছিল না। এ কারণে শুক্রবার সকাল থেকেই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
