২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

মামুনুর রশীদ আগের তুলনায় ‘কিছুটা ভালো’, তবে শঙ্কামুক্ত নন

“চিকিৎসকেরা ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা কমিয়ে আনার চেষ্টা করছেন।”

আড্ডানামায় মামুনুর রশীদ

আড্ডানামায় মামুনুর রশীদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 05:10 PM

Updated : 28 Nov 2026, 05:10 PM

নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও সংগঠক মামুনুর রশীদ আগের তুলনায় ‘কিছুটা ভালো আছেন’, তবে তিনি এখনো ‘শঙ্কামুক্ত নন’ বলে জানিয়েছেন আরণ্যক নাট্যদলের প্রশিক্ষণ সম্পাদক অপু মেহেদী।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

নিয়ে মেহেদী গ্লিটজকে বলেন, “উনাকে (মামুনুর রশীদ) এখনো ৫০ থেকে ৬০ শতাংশ অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। চিকিৎসকেরা ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা কমিয়ে আনার চেষ্টা করছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়া এবং ফুসফুসের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় তার সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া কিছুটা সময়সাপেক্ষ হচ্ছে। তবে আগের চাইতে কিছুটা ভালো আছেন’,”

মামুনুর রশীদের ভাই চিত্রশিল্পী রশিদ আমিন জানিয়েছিলেন গেল সপ্তাহে হাসপাতালে ভর্তির পর বুধবার এই নাট্যকারকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।ওই সময় তার রক্তে অক্সিজেনের মাত্রায় ওঠানামা করছিল ও সময়ে।

এর আগেও গুরুতর অসুস্থতার কারণে মামুনুর রশীদকে আইসিইউতে থাকতে হয়েছিল।

গেল বছরের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থেকে চলতি বছরের ১৪ জানুয়ারি দেশে ফেরেন তিনি।

দেশে ফেরার পর অভিনয়েও ফিরেছেন ৭৮ বছর বয়সী এই অভিনেতা। শুধু তাই নয়, কিছুদিন আগে তিনি নেপালে গিয়ে সেখানকার স্থানীয় একটি মঞ্চনাটকের নির্দেশনাও দিয়েছেন।

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র তিন মাধ্যমেই ছয় দশক ধরে কাজ করছেন তিনি।

১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করার পর ১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেন ‘আরণ্যক নাট্যদল’।

দলটিতে তার নির্দেশিত নাটকের মধ্যে রয়েছে ‘কবর’, ‘ওরা কদম আলী’, ‘ওরা আছে বলেই’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’ ও ‘রাঢ়াঙ’।

মামুনুর রশীদ অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’।

‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়া নাট্যকলায় অবদানের জন্য ২০১২ সালে তিনি রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক পেয়েছেন।

পুরনো খবর:

যে শিল্পের জন্য নিবেদিত, সেখানে জীবিকা নেই: আড্ডানামায় মামুনুর রশীদ
অভিনেতা মামুনুর রশীদ আইসিইউতে