মাহফিজুল নাকি নাঈম? পেসার কোন তিনজন?
সাত ব্যাটসম্যান নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে খেলতে নামছে বাংলাদেশ, তবে একাদশ নিয়ে কৌতূহলের জায়গা আছে কিছু।
নেট সেশনের আগে প্যাড-গ্লাভস পরে তৈরি তিন ওপেনারই। কিন্তু শুরুতে ব্যাটিংয়ে গেলেন তানজিদ হাসান ও মাহফিজুল ইসলাম। হেলমেট পরেই ছাউনির নিচে অপেক্ষায় রইলেন মোহাম্মদ নাঈম শেখ। নেটে যখন এই চিত্র, তখন মূল মাঠে দেখা গেল কৌতূগল জাগানিয়া আরেকটি দৃশ্য। দলের অন্য সবাই নেটে অনুশীলনে ব্যস্ত থাকলেও আলাদা করে মূল মাঠে বোলিং করছিলেন কেবল তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ।
এই দুটি ঘটনা থেকে বাংলাদেশের সম্ভাব্য একাদশের একটি ছবি দাঁড় করানো যেতে পারে। তানজিদের সঙ্গে ওপেন করতে পারেন মাহফিজুল। তাইজুলের সঙ্গে একাদশের বাইরে থাকতে পারেন তাসকিনও। যদিও নেট সেশন বা অনুশীলনের এসব টুকরো টুকরো ছবির আভাস ম্যাচে অকে সময়ই সত্যি হয়ে ফুটে ওঠে না। নাঈম ও তাসকিনকে শেষ পর্যন্ত একাদশে দেখা গেলেও তাই বিস্ময়ের কিছু থাকবে না। তবে ম্যাচের আগের দিনের বাস্তবতায় মনে হলো, এই দুজনের খেলার সম্ভাবনা কমই।
বাংলাদেশের একাদশের সমন্বয় ও ভারসাম্য কেমন হবে, তা অবশ্য নিশ্চিতই। দক্ষিণ আফ্রিকা একাদশ ঘোষণা করলেও বাংলাদেশ করেনি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, একাদশ তারা মোটামুটি ঠিক করে ফেললেও ম্যাচের দিন সকালে আরেকবার উইকেট দেখে চূড়ান্ত ঘোষণা দেবেন। তবে তাকে যখন বলা হলো, সাত ব্যাটসম্যান নিয়ে একাদশ সাজানো হচ্ছে কি না, তিনি স্রেফ হাসলেন। যে হাসিটাকে আসলে সায় দেওয়া হিসেবেই ধরে নেওয়া যায়।
পারিপার্শ্বিক বাস্তবতাও আসলে এটিকে নিশ্চিত করেই দিয়েছে। সবশেষ টেস্টে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাওহিদ হৃদয় যেভাবে ব্যাট করেছেন, তার পর তাকে একাদশের বাইরে রাখার প্রশ্নই আসে না। হৃদয় সেই টেস্ট ম্যাচটি খেলতে পেরেছিলেন মূলত কনকাশনের কারণে মুমিনুল হক ছিটকে পড়ায়। মুমিনুলও এখন ফিট। এই দুজনকেই একসঙ্গে একাদশে রাখতে হলে সাত ব্যাটসম্যানের বিকল্প নেই।
অধিনায়ক শান্ত আভাস দিয়ে রাখলেন যে, এই ধরনের কন্ডিশনে বাড়তি একজন ব্যাটসম্যান নিয়ে খেলতেই তারা পছন্দ করেন।
সাত ব্যাটসম্যানের মধ্যে কেবল মাহফিজুল নাকি মুমিনুল, এটিই এখন প্রশ্ন। দুজনই এবার জাতীয় লিগে অসাধারণ পারফর্ম করেছেন। মাহফিজুলকে দলে নেওয়ার সময় প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেছিলেন, ডানহাতি ওপেনার হিসেবে একটু বাড়তি সুবিধা পাচ্ছেন এই তরুণ ব্যাটসম্যান, যেহেতু বাংলাদেশের টপ অর্ডার বাঁহাতি ব্যাটসম্যানে ঠাসা। টিম ম্যানেজমেন্টও যদি সেরকমই ভেবে থাকে, তাহলে জোহানেসবার্গে রোববার টেস্ট ক্যাপ পেয়ে যাবেন মাহফিজুল।
তবে নবীন এক ব্যাটসম্যান, যিনি প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র একটি আসরে ভালো খেললেন, ‘এ’ দল বা হাই পারফরম্যান্স দলে খেলার যথেষ্ট অভিজ্ঞতাও যার নেই, তাকে এখনই দক্ষিণ আফ্রিকায় কঠিন চ্যালেঞ্জে নাও ঠেলে দিতে পারে দল। সেক্ষেত্রে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামবেন প্রায় চার বছর আগে অভিষিক্ত নাঈম।
তিন-চার-পাঁচ-ছয়-সাতে মুমিনুল, শান্ত, মুশফিকুর রহিম, হৃদয়, লিটন দাস। তবে ব্যাটিং অর্ডার নিয়েও ভাবনার অবকাশ আছে। সিলেটে ক্যারিবিয়য়ানদের বিপক্ষে চারে নেমে ২৪২ ও ৮২ রানের দুটি ইনিংস খেলেছেন হৃদয়। তাকে সেখানেই রাখা হবে নাকি ব্যাটিং অর্ডারে বদল আসবে, টিম ম্যানেজমেন্টকে যথেষ্টই মাথা ঘামাতে হবে এই ভাবনায়।
একমাত্র স্পিনার হিসেবে নিশ্চিতভাবেই খেলবেন মেহেদী হাসান মিরাজ। অলরাউন্ডার হিসেবে তিনি এমনিতেই এগিয়ে আছেন তাইজুলের চেয়ে। আপাতত স্রেফ বোলিংয়েও তাইজুলকে পিছিয়েই রাখা যায় তার সাম্প্রতিক ফর্মহীনতার কারণে। ম্যাচের আগের দিন ওয়ান্ডারার্সে তাকে কিছু বোলিং ড্রিল দেখিয়ে দিচ্ছিলেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। সেখানেও পরিষ্কার ফুটে উঠছিল, তাইজুল বাইরেই থাকছেন এই টেস্টে।
তাইজুলের পাশেই সেই নেটে পেস বোলিং কোচ তালহা জুবায়ের ও ট্রেনার মারিও ভিল্লাভারায়নের সঙ্গে কাজ করছিলেন তাসকিন। তাইজুল আর তাসকিনকে তাই এক সুতোয় গাঁথাই যায় এখানে।
তাসকিন সত্যিই বাইরে থাকলে জোহানেসবার্গে বাংলাদেশের তিন পেসার হবেন হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন। টেস্টের আগে তিন দিনের অনুশীলনের চিত্র অনুযায়ী সৈয়দ খালেদ আহমেদের খেলার সম্ভাবনা সামান্যই বলা চলে।
সব মিলিয়ে ম্যাচের আগের টুকরো টুকরো ছবিগুলো জোড়া দিলে একাদশের এমন চিত্রই মেলে। তবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট নানা সময়েই চমকে দিয়েছে অভাবনীয় অনেক কিছু করে। এবারও চমকপ্রদ কোনো সিদ্ধান্ত তারা নিয়ে ফেললে আদৌ বিস্মিত হবেন কি না, সিদ্ধান্ত আপনারই।
