মাহফিজুল নিজেই খেলতে চেয়েছিলেন প্রথম বল
অভিষিক্ত মাহফিজুলকে প্রথম বলেই স্ট্রাইকে পাঠানো নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনা হলেও আদতে সিদ্ধান্তটি ছিল তরুণ ওপেনারের নিজেরই।
সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি নিয়ে তো প্রশ্ন হলোই। সেখানে উত্তর দিলেন তানজিদ হাসান। সংবাদ সম্মেলনে শেষে বেরিয়ে যাওয়ার পথেও আরেকবার তিনি বললেন, “ও নিজেই চেয়েছে ভাই… আমার তো একটা ইয়ে আছে, আমি কেন ওকে চাপিয়ে দেব…!”
এখানে ‘ও’ মানে মাহফিজুল ইসলাম। জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের অভিষিক্ত ব্যাটসম্যান। দিনের শেষে সব আলো কেড়ে নিয়েছেন তাওহিদ হৃদয় ও লিটন কুমার দাস। তবে দিনের প্রথম ভাগে সবচেয়ে আলোচিত নাম ছিলেন মাহফিজুলই। টেস্ট অভিষেকে আউট হয়েছেন তিনি প্রথম বলেই!
বাংলাদেশের টেস্ট ইতিহাসে এই প্রথম এমন তিক্ত স্বাদ পেলেন কোনো ওপেনার। আরও বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম উঠে গেছে তার। তবে সব ছাপিয়ে প্রথম সেশনের সবচেয়ে আলোচিত ব্যাপার ছিল, মাহফিজুলকে কেন প্রথম বলটির মুখোমুখি হতে হলো!
প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন তিনি, একদমই নবীন। প্রথম শ্রেণির ক্রিকেটেও অভিজ্ঞতা কম। যদিও একজন ওপেনার যখন টেস্ট ক্রিকেটে নামছেন, তখন তাকে যে কোনো কিছুর জন্যই প্রস্তুত থাকতে হয়। তার পরও, অভিষেকে তো মাথার ভেতর থাকে অনেক কিছুর ঘুর্ণন, পেটে চলে প্রজাপতির নাচন। তাকে প্রথম বল খেলতে পাঠানোটা তো একটু অন্যায়ই!
সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠল। তানজিদের দিকে আঙুল তোলা হলো, বাংলাদেশের ম্যানেজমেন্টকে কাঠগড়ায় দাঁড় করানো হলো। প্রশ্নের সুনামি বয়ে গেল, কেন মাহফিজুলকে প্রথম বলে স্ট্রাইকে পাঠানো হলো!
উত্তর মিলল দিনের খেলা শেষে। সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এলেন ৬৭ রান করা তানজিদ হাসান। ইংরেজি প্রশ্নের পালা শেষে যখন বাংলা প্রশ্নের পর্ব এলো, প্রথম প্রশ্নটিই হলো মাহফিজুলকে স্ট্রাইকে পাঠানো নিয়ে। তানজিদ জানালেন, সিদ্ধান্তটি ছিল মাহফিজুলেরই।
“রবিনের (মাহফিজুল) বিষয়ে যেটা বললেন, কালকে ওর সাথে আমার আলোচনা হচ্ছিল। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে, আমি স্ট্রাইক নেব কি না বা ও স্ট্রাইক করতে চায় কি না। তবে ও একদম আমাকে বলেছিল যে, ও স্ট্রাইক নিতে চায় অভিষেক ম্যাচে। সেজন্যই আসলে ওকে স্ট্রাইকটা দেওয়া, কারণ সাধারণত আমিই করি। তবে যেহেতু কমফোর্টেবল বলছিল, সেহেতু ওকে স্ট্রাইক দেওয়া হয়েছিল।”
সাহসের জন্য প্রশংসা করতেই হয় মাহফিজুলকে। যদিও ২২ গজে সেই সাহসের প্রতিফলন তিনি ফেলতে পারেননি প্রথম ইনিংসে। তবে তার ভবিষ্যৎ দারুণ বলেই মনে করেন তানজিদ।
“এটা আসলে হইতেই পারে, এটা ক্রিকেটেরই অংশ। আমার কাছে মনে হয়, অনেক বড় ক্রিকেটারদের ক্ষেত্রেও দেখবেন, তারা কিন্তু তাদের অনেকে অভিষেক ম্যাচে এরকম শূন্য রানে আউট হয়ে গেছে। আমি আশা করব এখান থেকে সে (মাহফিজুল) কিংবদন্তি হবে।”
