মায়ের লড়াই আর ত্যাগের পথ ধরে স্বপ্নের দুয়ারে মাহফিজুল
দুই বছর বয়সে বাবাকে হারানোর পর মায়ের কঠিন লড়াই আর ত্যাগে ক্রিকেটার হয়েছে যে ছেলেটি, সেই মাহফিজুল ইসলাম এখন বাংলাদেশ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় টেস্ট অভিষেকের অপেক্ষায়।
নেট সেশনের শুরু থেকেই প্যাড-গ্লাভস পরে, হেলমেট মাথায় চাপিয়ে ব্যাট করতে প্রস্তুত মাহফিজুল ইসলাম রবিন। তবে তাকে একটু অপেক্ষায় থাকতে হলো। জোহানেসবার্গের নেটে বৃহস্পতিবার টপ অর্ডারদের মধ্যে আগে নেটে গেলেন তানজিদ হাসান ও মোহাম্মদ নাঈম শেখ। তবে মাহফিজুলের অপেক্ষা খুব বেশি দীর্ঘায়িত হলো না। মিনিট দশেক পর নেটের দিকে এগিয়ে তিনি বললেন, “নাঈম ভাই, আসব?” নাঈমের আন্তরিক আহবান, “আয়…।”
ব্যস, শুরু হলো মাহফিজুলের জীবনের এখনও পর্যন্ত সম্ভবত সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়টির। আস্তে আস্তে তিনি এগিয়ে গেলেন নেটের দিকে। বাংলাদেশ টেস্ট দলের ক্রিকেটার হিসেবে প্রথম নেট সেশন!
এই যে টেস্ট দলের নেটে তার এগিয়ে চলা, সেখানে অদৃশ্য সঙ্গী তার মা। রহিমা বেগম না থাকলে তো জোহানেসবার্গের নেট তো বহুদূর, ক্রিকেটের পথে মুখ থুবড়ে পড়তে হতো তাকে অনেক আগেই।
দুই বছর বয়সে তিনি হারিয়েছিলেন বাবাকে। টানাটানির সংসারে ক্রিকেট ছিল বিলাসিতা। তবু টিফিনের টাকা বাঁচিয়ে তিনি একাডেমিতে ভর্তি হয়েছেন। যখন যার কাছ থেকে যা কিছু পেয়েছেন, সবকিছু কাজে লাগিয়েছেন ক্রিকেটের পেছনেই। প্রতিটি পদক্ষেপে পাশে পেয়েছেন মাকে। জীবনযুদ্ধে লড়তে থাকা মা ছেলের স্বপ্নকে জিইয়ে রাখতেও লড়েছেন সবটুকু দিয়ে। একসময় নিজের চোখের চিকিৎসার টাকা ছেলের হাতে তুলে দিয়েছেন ব্যাট কেনার জন্য।
সেই লড়াইয়ে সঙ্গী হয়েছেন পরে তার বড় বোন ও দুলাভাই। পাশে পেয়েছেন কয়েকজন বন্ধুকেও। মাহফিজুলের স্বপ্নের সঙ্গে নিজেদেরকেও একাকার করে নিয়েছেন তারা। তাদের সবার লড়াই এখন একটি পূর্ণতা পাওযার অপেক্ষায়।
মাহফিজুলকে টেস্ট দলে নিয়ে এসেছে এবারের জাতীয় লিগের পারফরম্যান্স। বড় ইনিংস খেলার অভ্যাস তার মধ্যে নানা সময়েই দেখা গেছে বয়সভিত্তিক ক্রিকেটে ও ঘরোয়া ক্রিকেটে। কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটে সফল হতে পারছিলেন না। এই মৌসুমের আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩ ম্যাচে তার রান ছিল ৪৭৩, গড় ছিল ১৮.৯২। এবার ৬ ম্যাচ খেলেই করেছেন ৬৭২ রান। গড় ৭৪.৬৬। সেঞ্চুরি করেছেন তিনটি, এর একটিকে নিয়ে গেছেন ডাবল সেঞ্চুরিতে।
এমন পারফরম্যান্স তো ছিলই, সঙ্গে টেস্ট দলের টপ অর্ডারের দুর্বলতা ও সাদমান ইসলামের চোট মিলিয়ে মাহফিজুল সুযোগ পেয়ে গেলেন দক্ষিণ আফ্রিকা সফরের বাংলাদেশ দলে।
টেস্ট দলের হয়ে প্রথম নেট সেশনের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথোপকথনে ২২ বছর বয়সী ক্রিকেটার শোনালেন তার অনুভূতি, পেছন ফিরে তাকিয়ে বললেন মায়ের অবদানের কথা, স্বপ্নাতুর চোখে তাকালেন সামনের পথচলায়ও।
জাতীয় দলের ক্রিকেটার হিসেবে প্রথম নেট সেশন করলেন, অনুভূতি কেমন? যখন যখন ব্যাট হাতে নামলেন, যখন ব্যাটিং করছিলেন, কেমন লাগছিল?
মাহফিজুল ইসলাম: অনুভূতি…নরমালই ছিল। ব্যাটিং করতে নামলে মাথায় আসে না যে প্রথমবার নাকি দ্বিতীয়। ব্যাটিংটা উপভোগ করার চেষ্টা করেছি।
যখন ব্যাট হাতে নামছিলেন, বাড়তি কোনো রোমাঞ্চ কাজ করেনি?
মাহফিজুল: না না, ওরকম কোনো এক্সাইটমেন্ট ছিল না। শুধু স্বাভাবিক থেকে নিজের ব্যাটিংটা, নিজের প্রক্রিয়া ধরে রাখার চেষ্টা করেছি।
আপনাকে যখন নেওয়া হয়েছে, মানে খবরটা যখন পেলেন, আপনার জন্য এটা কতটা বিস্ময় হয়ে এসেছিল? একটা মৌসুম ভালো খেললেন, আপনি কি আশা করেছিলেন যে এখনই জাতীয় দলে বা টেস্ট দলে সুযোগ পাবেন?
মাহফিজুল: আসলে বিস্ময়ের ব্যাপার নয়। আমার কাছে মনে হয় যে, দল যেহেতু মনে করেছে যে আমি দেশকে সার্ভ করার জন্য এখন প্রস্তুত আছি… আমি সবসময় তৈরিই ছিলাম, যেকোনো সময় ডাক আসতে পারে, যেন আমি দেশকে ভালোভাবে সার্ভ করতে পারি।
দলে সুযোগ পাওয়ার কথা জানতে পারলেন যখন, ঠিক ওই সময় কেমন লাগছিল?
মাহফিজুল: আসলে প্রত্যেকটা ক্রিকেটারেরই ভালো লাগে তখন... আমারও একইরকম ভালো অনুভূতি হয়েছে। অ্যান্ড ব্যাক অব দা মাইন্ড চিন্তা ছিল যে, যেন যদি অভিষেক হয় বা ম্যাচ খেলতে পারি, যেন ভালো কিছু করতে পারি।
দলে সুযোগ পাওয়ার কথা কাকে জানিয়েছিলেন সবার আগে?
মাহফিজুল: আম্মুকে।
এটা আসলে অনুমেয়ই ছিল। আপনার ক্রিকেটের পথচলায় মায়ের অবদানটা তো বলে বোঝানোর মতো নয়। আপনি যখন তাকে খবরটা জানালেন, তিনি কি বললেন?
মাহফিজুল: তিনিও খুব রোমাঞ্চিত ছিলেন যে, জাতীয় দলের ডাক এলো। উনি যে স্বপ্ন দেখেছেন বা উনি যে স্বপ্ন নিজের মধ্যে লালন করছিলেন...(সেটা সত্যি হলো)। আমার সঙ্গে তখন সরাসরি কথা হয়নি। তবে মোবাইল ফোনে যতটুকু কথা হয়েছে তার সঙ্গে, যে তিনি খুবই রোমাঞ্চিত ছিলেন।
আজ আপনি জাতীয় দলের সদস্য, জাতীয় দলের সঙ্গে অনুশীলন করছেন। এই পর্যন্ত আসার পেছনে আপনার মায়ের যে লড়াই, আপনিও যে লড়াইয়ের সঙ্গী, পেছন ফিরে তাকালে কেমন লাগে?
মাহফিজুল: আসলে তখন ছোট ছিলাম, আম্মু হয়তো তখন ওই পরিস্থিতিতে সেরা সিদ্ধান্তই নিতে পেরেছিলেন। আমি মনে করি উনার জায়গায় উনি ঠিক আছেন। হয়তো আল্লাহতায়ালা আমার রিজিক এখানেই লিখেছিলেন, তাই এখানে আসতে পেরেছি।
আমাদের দেশের বাস্তবতায় ক্রীড়াবিদ হতে গেলে অনেক সময় বাবা-মায়ের সমর্থন থাকে না। কিন্তু আপনার মা যেভাবে আপনার পাশে থেকেছেন, নিজের চিকিৎসার টাকাও আপনার ক্রিকেটের পেছনে করচ করেছেন। তার এই লড়াই ও ত্যাগ আপনার জীবনের কতটা জুড়ে আছে?
মাহফিজুল: আসলে আমি সেদিক থেকে অনেক সৌভাগ্যবার মনে করি নিজেকে, আমার অভিভাবক বা আমার মা আমার জন্য যে ত্যাগ করেছেন আমার ছেলেবেলা থেকে, আশা করি আমি তার সকল আশা বা সকল স্বপ্ন পূরণ করতে পারব।
বাবার কথা কতটা মনে পড়ে? বাবা বেঁচে থাকলে কতটা খুশি হতেন আজ!
মাহফিজুল: উনি থাকলে অনেক খুশি হতেন অবশ্যই। তবে যেহেতু এটা আল্লাহর ডাক, সবাইকেই যেতে হবে—এটা আমি মানিয়ে নিয়েছি বা আমার পরিবারও মানিয়ে নিয়েছে যে, একদিন না একদিন সবাইকেই যেতে হবে। আমি মনে করি যে, এটা যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নেওয়া ভালো হয়েছে আমার জন্য।
ক্রিকেটে ফেরা যাক। এবার জাতীয় লিগে অসাধারণ পারফর্ম করেই আপনি টেস্ট দলে ডাক পেয়েছেন। মৌসুম শুরুর আগে কি এই ধরনের লক্ষ্য ছিল যে রানের জোয়ার বইয়ে দিতে হবে?
মাহফিজুল: আসলে আমি সবসময় চিন্তা করি ম্যাচ বাই ম্যাচ। সুযোগের আশায় ছিলাম। চিন্তা ছিল যেম যদি আমার সুযোগ আসে, তাহলে দুই হাতে কীভাবে লুফে নিতে পারি।
জাতীয় লিগে প্রথম ম্যাচ ছিল সিলেটের বিপক্ষে। আপনি ৭০ ও ১০০ করলেন। এরপরই কী মনে হলো যে, মৌসুমটা দারুণ যাবে?
মাহফিজুল: অবশ্যই, প্রত্যেকটা ব্যাটসম্যানেরই একটা প্যাটার্ন থাকে। যদি শুরুটা ভালো হয়, তখন ইনিংসগুলো লম্বা করার প্রয়োজন হয়। ব্যাটসম্যান হিসেবে ওটাই চেষ্টা করেছি।
এখন যদি টেস্ট অভিষেকের সুযোগটা আসে, সেটা আপনার ক্যারিয়ারের জন্য কত বড় পাওয়া হবে?
মাহফিজুল: অবশ্যই, প্রত্যেকটা ক্রিকেটারেরই স্বপ্ন থাকে যে বাংলাদেশের হয়ে খেলবে, প্রতিনিধিত্ব করবে, সার্ভ করবে। আমার ক্ষেত্রেও একই। চেষ্টা করব যতটা নরমাল থাকতে পারি, দেশকে ভালো সার্ভ করতে পারি।
দক্ষিণ আফ্রিকায় খেলাটা মানে বিশ্বের যেকোনো ব্যাটসম্যানের জন্য সবচেয়ে কঠিন। উপমহাদেশের ব্যাটসম্যানদের জন্য আরও কঠিন। আপনার মানসিক ও স্কিলের প্রস্তুতি কেমন? এই কদিনে কীভাবে প্রস্তুত হবেন?
মাহফিজুল: আসলে আমি বেশ কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকায় খেলে গিয়েছি ইমার্জিং দলের হয়ে। সেটা ভালো হয়েছে আমার জন্য। ওই অভিজ্ঞতাটা কাজে লাগানোর চেষ্টা করব। আমি আশাবাদী যে, মানসিকভাবে যতটা শক্তিশালী থাকতে পারব, আমার জন্য ততটা ভালো হবে।
টেস্ট অভিষেকের সুযোগ এলে কী করতে চান?
মাহফিজুল: এটা বলতে পারছি না, এটা তো আল্লাহর হাতে। আমি আমার প্রক্রিয়া বা আমার ট্রেনিং যতটুকু পারি, আমার যেটা স্কিল আছে, সেটা মেলে ধরার চেষ্টা করব।
আজ থেকে ১০ বছর পরে নিজেকে কোথায় দেখতে চান?
মাহফিজুল: অবশ্যই, শীর্ষ পর্যায়ে দেখতে চাই নিজেকে।
