১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

সড়কের পাশে ঝোপে পড়েছিল নিখোঁজ ভ্যানচালকের মাথাবিহীন লাশ

চুয়াডাঙ্গার জীবননগর থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার থেকে চান মিয়া নিখোঁজ ছিলেন। পাওয়া যায়নি তার রিকশভ্যানটিও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Oct 2026, 01:10 PM

Updated : 19 Oct 2026, 01:10 PM

চুয়াডাঙ্গার জীবননগরে পাঁচ দিন ধরে নিখোঁজ এক ভ্যানচালকের মাথাবিহীন অর্ধগলিত মরদেহ সড়কের পাশের ঝোপ থেকে উদ্ধার করেছে পুলিশ। পাওয়া যায়নি তার রিকশভ্যানটি।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কোটচাঁদপুর সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জীবননগর থানার ওসি সোলায়মান শেখ।

নিহত চান মিয়া ওরফে চান্দ আলী (৫৫) জীবননগর উপজেলার হাসাদহ বালিগর্ত পাড়ার মৃত জোনাব আলীর ছেলে।

পরিবারের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার থেকে চান মিয়া নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি পরিবারের সদস্যরা। পরে পরিবারের পক্ষ থেকে জীবননগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এদিকে সোমবার সকালে কোটচাঁদপুর সড়কের পাশে ঝোপ-ঝাড়ের ভেতর একটি মাথাবিহীন অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ওসি সোলায়মান শেখ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের বিচ্ছিন্ন মাথা উদ্ধারের চেষ্টা চলছে।

তিনি বলেন, হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে রিকশাভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।