১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

কাজের সন্ধানে বেরিয়ে নিখোঁজ, ব্রহ্মপুত্রে মিলল মরদেহ

স্থানীয়রা নৌকায় নদ পারাপারের সময় অর্ধগলিত মরদেহ দেখতে পান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Oct 2026, 05:06 PM

Updated : 23 Oct 2026, 06:07 PM

জামালপুরের ব্রহ্মপুত্র নদ থেকে তিন দিন আগে নিখোঁজ এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে সদর উপজেলার ৬ নম্বর নরুন্দি ইউনিয়নের নামা কোচনধারা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ওবায়দুল হক জানিয়েছেন।

নিহত ৫৫ বছর বয়সী হাবিবুর রহমান সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের বারুয়ামারি এলাকার জহির উদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাতে পরিদর্শক ওবায়দুল হক বলেন, “তিনদিন আগে হাবিবুর রহমান কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করেও স্বজনরা তার কোনো সন্ধান পাননি।

“শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয়রা নৌকায় নদ পারাপারের সময় হাবিবুর রহমানের অর্ধগলিত মরদেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।”

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরে মৃত্যুর কারণ বলা যাবে।