ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের আলোচনা গড়াল সংঘর্ষে, বাইকে আগুন, বাড়িঘর ভাঙচুর
সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজয়নগর থানার ওসি।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিয়ের প্রস্তাবে অসম্মতিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে আগুন দেওয়া ছাড়াও কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান।
তবে বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কাশিনগর গ্রামের এক কিশোরীর জন্য একই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে রাকিব মিয়ার বিয়ের প্রস্তাব দেওয়া হয়। তবে কিশোরীর পরিবার প্রস্তাবে সম্মতি না দেওয়ায় দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধের সৃষ্টি হয়।
এরই জেরে মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়।
খবর পেয়ে বিজয়নগর থানার এসআই মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনাস্থলে গিয়ে দুপক্ষের অন্তত ১০ জন আহত হওয়া ও কয়েকটি বাড়িঘর ভাঙচুরের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান বলেন, মেয়েসংক্রান্ত বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
