‘শুধু নিজেদের ওপর বিশ্বাস রাখো’, এই বার্তায় ভারত কোচের বাজিমাত
যুব দলের খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশে এসে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের উচ্ছ্বাস ঝরল ভারত কোচ নওশাদ মুসার কণ্ঠে।
‘দ্বিতীয় সারির দল’, ‘বি টিম’-সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আসা ভারত দলকে ঘিরে এই কথাগুলোই ছিল বেশি। কারণও ছিল। যুব দলের অধিকাংশ খেলোয়াড় নিয়েই যে ঢাকায় পা রেখেছিল তারা। এমনকি নওশাদ মুসাও মূলত যুব দলেরই কোচ। এমন পরিস্থিতিতে দলকে অনুপ্রাণিত করতে মুসা নেন সুহাইল-আরশদের মানসিকভাবে শক্ত রাখার কৌশল। বলেছিলেন- শুধু নিজেদের ওপর বিশ্বাস রাখো, তাহলে কোনো কিছুই থামাতে পারবে না তোমাদের।
ভারতকে ফাইনালে থামাতে পারেনি পাকিস্তানও। শুরুতে পিছিয়ে পড়ে চিরপ্রতিদ্বন্দ্বিদের ২-১ গোলে হারিয়ে সাফের দশম শিরোপা জিতেছে মুসার দল।
অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার প্রতিক্রিয়া জানাতে এসে ভারত কোচ বললেন, কীভাবে তিনি দলের মধ্যে আত্মবিশ্বাস ছড়িয়ে দিয়েছিলেন।
“আমরা যখন ভারত থেকে রওনা দিই, আমি শুধু আমার খেলোয়াড়দের একটি কথা বলেছিলাম- শুধু নিজেদের ওপর বিশ্বাস রাখো এবং কোনোকিছুই তোমাদের থামাতে পারবে না। জাতীয় দলের হয়ে (কোচ হিসেবে) এটি আমার প্রথম ট্রফি। বুঝতেই পারছেন তাই এটি আসলেই স্পেশাল কিছু।
“আমি বাধ্য হয়েছিলাম, কারণ ভারতে যেভাবে সবকিছু ঘটছিল, আমার জন্য খেলোয়াড় বাছাই করাটা একটু কঠিন ছিল, কারণ প্রথম ম্যাচের জন্য প্রথম ১৮ জন খেলোয়াড় পাওয়াটাই আমার জন্য কঠিন হয়ে যাচ্ছিল। তাই তরুণদের ওপর বিশ্বাস রাখতে হয়েছিল। ছেলেদের ওপর বিশ্বাস রাখা এবং তাদের এখানে নিয়ে আসাটা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল।”
আইএসএলে (ইন্ডিয়ান সুপার লিগ) সুহাইল ভাট এ মৌসুমে বলতে গেলে খেলার সুযোগই পাননি তেমন একটা। অথচ, এই তরুণ চার গোল করে এবারের সাফে সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নিয়েছেন। ২১ বছর বয়সি এই তরুণ ফাইনালে দলকে সমতায় ফেরান।
সুহাইলকে কীভাবে উজ্জীবিত করেছিলেন, তৃপ্ত কণ্ঠে জানালেন মুসা।
“দেখুন, আমি ওর সাথে কথা বলছিলাম, আপনি বিশ্বাস করবেন না-তিন বছরের মধ্যে এই প্রথম সে ৯০ মিনিট খেলছে। হ্যাঁ? এবং যদি আপনি প্রথম ম্যাচটি দেখেন, ৫০-৫৫ মিনিটের মাথায় সে বাইরে ছিল এবং সে বলেছিল সে পারবে না।
“তার প্রতি আমার বার্তা একটাই ছিল-হাল ছেড়ো না, শুধু চেষ্টা চালিয়ে যাও এবং আজ তাকে দেখুন। তিন ম্যাচে সে পুরো ৯০ মিনিট খেলেছে। তাই এটা পুরোপুরি নিজের ওপর বিশ্বাস রাখার বিষয়। সবসময়ই ছেলেদের প্রতি আমার বার্তা এটাই থাকে। দ্বিতীয়ার্ধের জন্য ড্রেসিংরুমেও একই কথা ছিল।”
