‘দারুণ সুযোগ হাতছাড়া’ হওয়ার হতাশা পাকিস্তান কোচের
জুনাইদ আহমেদ শাহর লাল কার্ড নিয়ে পাকিস্তান কোচ নোলবের্তো সোলানো বললেন, তিনি নিশ্চিত নন রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল কিনা।
ফাইনালে সবকিছুতেই যেন ছিল পাকিস্তানের আরও বড় স্বপ্ন পূরণের ইঙ্গিত। আধিপত্য করে শুরুতে এগিয়েও যায় তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে জুনাইদ আহমেদ শাহর লাল কার্ডের পর সবকিছু বদলে যায় মুহূর্তেই। দুই গোল হজম করে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারের পর, দলটির কোচ নোলবের্তো সোলানোর কণ্ঠে ফুটে উঠল একরাশ হতাশা।
পল্টনের জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২-১ গোলে হারে পাকিস্তান। আলমগীর আলি খান গাজীর গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে জুনাইদ বহিষ্কার হওয়ার পরপরই সমতা ফেরান সুহাইল ভাট। এরপর সন্দ্বীপ মান্ডির গোলে অপরাজিত চ্যাম্পিয়ন হয় ভারত।
৫৫তম মিনিটে ভারতের ব্রিসন দুবেনের হাঁটুর উপরের দিকে সজোরে আঘাত করেন জুনাইদ। ভিএআরে বেশ কিছুক্ষণ পুরো বিষয়টি খতিয়ে দেখে এই ডিফেন্ডারকে সরাসরি লাল কার্ড দেন রেফারি। সরাসরি অভিযোগ না করলেও, লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ আড়াল করলেন না পাকিস্তান কোচ।
“জানতাম, ভারতের বিপক্ষে খেলা খুব-খুবই কঠিন হবে। কারণ, তাদের দলে অনেক তরুণ প্রতিভা আছে। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, যাতে আমরা এমন একটি দল হয়ে উঠতে পারি, যাদের হারানো কঠিন। এটা হতাশার যে, শুরুর ১০-১৫ মিনিট তারা বেশ ভালোভাবেই চাপ সৃষ্টি করেছিল এবং আধিপত্য বজায় রেখেছিল। এরপর আমরা নিয়ন্ত্রণ নিই এবং বল পায়ে রেখে কিছুটা স্বস্তিতে ছিলাম। আমরা সুযোগ তৈরি করা শুরু করি এবং প্রথমার্ধেই গোল পেয়ে যাই।
“তাই দ্বিতীয়ার্ধে যেভাবে আমরা গোলগুলো হজম করেছি, তা নিয়ে কিছুটা হতাশ। প্রথমত, আমি নিশ্চিত নই... আমি কখনও পেনাল্টি বা রেফারিদের নিয়ে কথা বলতে পছন্দ করি না…লাল কার্ডের বিষয়টি-ঠিক আছে, ওটা ছিল রেফারির সিদ্ধান্ত; সেখান থেকেই আমরা মাঠে একজন খেলোয়াড় কম থাকার বিষয়টি অনুভব করতে শুরু করি, পরিস্থিতি আমাদের জন্য আরও কঠিন হয়ে দাঁড়ায়।”
ভিএআর নিয়ে বলতে গিয়ে পাকিস্তান কোচের কণ্ঠে ঘুরেফিরে এলো সুযোগ হাতছাড়া হওয়ার হতাশা। তবে, প্রতিপক্ষকে প্রশংসা করতে ভোলেননি পেরুর এই কোচ।
“এখন আর সিদ্ধান্তগুলো নিয়ে কান্নাকাটি করে লাভ নেই। আমি সবসময়ই বলছি, ভিএআর-এর পেছনেও কিন্তু মানুষই থাকে, ভুল হওয়া স্বাভাবিক, আমরা সবাই ভুল করি। সুতরাং সিদ্ধান্তগুলো কীভাবে দেখা হচ্ছে তার ওপর নির্ভর করে। তবে, ১০ জন নিয়ে খেলা আমাদের জন্য কঠিন ছিল।
“ভারতের মধ্যে দারুণ উদ্দীপনা ছিল, যে কারণে তারা খুব দ্রুত কামব্যাক করতে পেরেছিল; সমতা ফেরানোর জন্য তারা খুব দ্রুত গোল করে ফেলে, যার ফলে ম্যাচ নিয়ন্ত্রণের ব্যাপারে আমাদের আত্মবিশ্বাস কিছুটা কমে যায়। কিন্তু এটাই ফুটবল- দুটি ভুল, দুটি সেট-পিস, আমরা খুবই হতাশ এবং আজ শিরোপা জয়ের দারুণ সুযোগটি হাতছাড়া করেছি আমরা।”
