১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ১৫, ঘর-বাড়ি ভাঙচুর

ওসি বলেন, এনাম খাঁ এবং আক্তার হোসেন দুইজনই নিকট আত্মীয়। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 01:51 PM

Updated : 11 Nov 2026, 01:50 PM

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন৷ অভিযোগ উঠেছে ঘর-বাড়ি ভাঙচুর ও লুটপাট চালানোর।

বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান বিজয়নগর থানার ওসি মো. আহসান উল্লাহ।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁর সঙ্গে তার চাচা ইছাপুরা গ্রামের বাসিন্দা আক্তার হোসেনের বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

ঘণ্টা দুয়েক চলা এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকটি ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আহত হন উভয় পক্ষের অন্তত ১৫ জন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে এনাম খা ও আক্তার হোসেনের মোবাইলে একাধিকবার কল দিলেও সেগুলো বন্ধ পাওয়া যায়।

ওসি মো. আহসান উল্লাহ বলেন, এনাম খাঁ এবং আক্তার হোসেন দুইজনই নিকট আত্মীয়। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সংঘর্ষ হয়েছে৷ বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।