নারীর সাফল্যের নেপথ্যের গল্প নিয়ে আসছে নতুন পডকাস্ট
কাজের শুরুতে কী বাধা এসেছিল, ব্যর্থতার পর কীভাবে ঘুরে দাঁড়িয়েছেন, সেসব অভিজ্ঞতা শোনা যাবে।
সাফল্যের খবরটা অনেকেই জানেন; সেই জায়গায় পৌঁছানোর আগে কতবার নতুন করে শুরু করতে হয়েছে, সেই গল্প সবসময় শোনা যায় না।
বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের নারীরা এবার নিজেদের সেই অভিজ্ঞতার কথা ‘ডেয়ার স্কিন উইথ এশা রুশদি’ পডকাস্টে বলবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্কয়ার টয়লেট্রিজ জানিয়েছে, এশা রুশদির সঙ্গে আলাপে অতিথিরা ফিরে যাবেন কর্মজীবনের শুরুর দিনগুলোতে। কাজের পথে কী বাধা এসেছিল আর ব্যর্থতার পর কীভাবে আবার শুরু করেছিলেন, সে অভিজ্ঞতা তুলে ধরবেন তারা।
চারপাশের সমালোচনা সামলে নিজের সিদ্ধান্তে আস্থা রাখা কতটা কঠিন ছিল, সে কথাও আসবে আলাপে। সামাজিক বাধা পেরিয়ে কীভাবে নিজের জায়গা তৈরি করেছেন, তা বলবেন অতিথিরা। জীবনের নানা সময়ে নিজেদের নতুন করে চেনার অভিজ্ঞতাও ভাগ করে নেবেন তারা।
কাজের গল্পের পাশাপাশি আসবে ত্বকের যত্নের কথা। ত্বক নিয়ে প্রচলিত ধারণার সঙ্গে নিজেদের অভিজ্ঞতা কতটা মেলে, তা নিয়ে কথা বলবেন অতিথিরা। নিজের চেহারা ও স্বকীয়তাকে সহজভাবে গ্রহণ করার সঙ্গে আত্মবিশ্বাসের সম্পর্ক নিয়েও হবে আলাপ। প্রতিদিনের ব্যস্ততার মধ্যে নিজের যত্নের জন্য সময় রাখার কথাও বলবেন তারা। এই আয়োজনের সঙ্গে যুক্ত মেরিল সিরাম সোপ বার সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোসলের সময় ত্বকের যত্নের কথা মাথায় রেখে সিরাম থেকে অনুপ্রাণিত ফর্মুলায় তৈরি করা হয়েছে এ সাবান।
