জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা
সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইকামা ব্যবহারে সতর্ক করলো কনস্যুলেট।
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ‘সচেতনতামূলক বিজ্ঞপ্তি’ জারি করেছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
এতে প্রবাসীদের নিরাপদ কর্মপরিবেশ গঠন এবং বিদেশে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সোমবার কনস্যুলেট জেনারেল থেকে পাঠানো ওই বার্তায় জানানো হয়, প্রবাসীদের যেকোনো প্রয়োজনে সেবা দিতে তারা কাজ করে যাচ্ছে। একই সঙ্গে প্রবাসীদের স্বার্থে সৌদি আরবের প্রচলিত আইন ও শৃঙ্খলা মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “ফেইসবুক, ইউটিউব কিংবা এক্স-সহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় আইন বা জননিরাপত্তাবিরোধী কোনো তথ্য প্রকাশ, প্রচার বা শেয়ার করা এবং এতে লাইক বা মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।”
কর্মসংস্থান ও আইনি সুরক্ষার বিষয়ে সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “চুক্তিপত্র না বুঝে কিংবা কোনো ফাঁকা বা সাদা কাগজে স্বাক্ষর ও টিপসই দেওয়া যাবে না।” এছাড়া আইনি ঝুঁকি এড়াতে নিজের ইকামার অধীনে অন্যের জন্য মোবাইল সিম, যানবাহন কিংবা কোনো সম্পত্তি ক্রয় ও নিবন্ধনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এক প্রতিষ্ঠানের ইকামা দিয়ে অন্য স্থানে কাজ করা, অনুমতি ছাড়া ভাসমান ব্যবসা বা পানি বিক্রি করা এবং স্ক্র্যাপ বা কুড়িয়ে পাওয়া মালামাল সংগ্রহের মতো বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে কনস্যুলেট।
একইসঙ্গে প্রলোভন ও আর্থিক প্রতারণা এড়াতে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের অবৈধ অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়।
