২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কপ৩১: জীবাশ্ম জ্বালানি ও সৌদির ঘাড়ে চুক্তিহীন সম্মেলনের দায়

কারো কারো মতে, অন্যান্য দেশের তুলনায় এবার সৌদি আরব বেশি প্রভাব বিস্তারের সুযোগ পেয়েছে।

কপ৩১: জীবাশ্ম জ্বালানি ও সৌদির ঘাড়ে চুক্তিহীন সম্মেলনের দায়

ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 09:38 PM

Updated : 23 Nov 2026, 09:38 PM

নতুন কোনো চুক্তি ছাড়াই তুরস্কের আনতালিয়ায় শেষ হয়েছে জাতিসংঘের একত্রিশতম জলবায়ু সম্মেলন (কপ৩১)।

রয়টার্স লিখেছে, নতুন চুক্তি না হওয়ার জন্য জীবাশ্ম জ্বালানি বিতর্ক এবং এ নিয়ে সৌদি আরবের আপত্তিকে সামনে আনছে বেশ কিছু দেশ।

আলোচকদের অনেকের অভিযোগ, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির একটি কারণ হিসেবে চুক্তিতে জীবাশ্ম জ্বালানির কথা রাখতে সৌদি আরব রাজি ছিল না। কিন্তু অনেক দেশই এ কারণ বাদ দিয়ে চুক্তি করতে রাজি হয়নি।

আলোচকদের অভিযোগ, নতুন চুক্তিতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর বিষয়টি অন্তর্ভুক্তির বিরোধিতায় সৌদি আরব ছিল সামনের সারিতে। মূলত এ কারণেই ২০০৯ সালের পর প্রথমবারের মতো কোনো রাজনৈতিক চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।

তবে ইউরোপীয় ইউনিয়ন, কয়েকটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র এবং বিশেষভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা কয়েকটি দেশ বলেছে, তেল, গ্যাস ও কয়লাকে বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। ফলে সেটি তুলে না ধরলে কোনো চুক্তি তারা মেনে নিতে পারবে না।

আলোচনায় সৌদি আরবের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে ইউরোপীয় ইউনিয়নের পক্ষে আয়ারল্যান্ডের জলবায়ুমন্ত্রী দারাগ ও'ব্রায়েন বলেন, “আমার বিশ্বাস, এবারের কপ সম্মেলন কয়েকটি তেল উৎপাদনকারী রাষ্ট্রের কাছে জিম্মি হয়ে পড়েছিল।”

যদিও সম্মেলনের সভাপতিত্বকারী কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, “কোনো দেশ বা গোষ্ঠীকে ‘বিশেষ সুবিধা’ দেওয়া হয়নি।”

এ বিষয়ে সৌদি আরব ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

রয়টার্স লিখেছে, সৌদি আরব ও তেল রপ্তানিকারক অন্য দেশগুলোর সংগঠন ওপেকের সদস্যরা দীর্ঘদিন ধরেই জীবাশ্ম জ্বালানিকে লক্ষ্যবস্তু করে জলবায়ু চুক্তির ভাষা অন্তর্ভুক্তির বিরোধিতা করে আসছে।

তাদের যুক্তি, ভবিষ্যতেও বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার একটি অংশ হিসেবে জীবাশ্ম জ্বালানির প্রয়োজন থাকবে।

এর আগে ২০২১ সালে গ্লাসগো এবং ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ সম্মেলনের চুক্তির খসড়ায় জীবাশ্ম জ্বালানির বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছিল।

তবে কয়েকজন আলোচকের মতে, এবারের আনতালিয়া সম্মেলনে সৌদি আরবের অবস্থান আরও শক্তিশালী হয়েছে দুটি কারণে।

প্রথমত, কপ৩১ এ যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণের অভাব এবং দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের অনুপস্থিতি।

অতীতে এই দুই দেশের সমন্বয় বিভিন্ন কপ সম্মেলনে সমঝোতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

বিষয়টির ইঙ্গিত করে সিঙ্গাপুরের পরিবেশমন্ত্রী গ্রেস ফু বলেন, “আলোচনার সীমা নির্ধারণে আগে এক বা দুটি বড় দেশ ভূমিকা রাখত। কিন্তু এখন সেই সীমারেখা অনেকটাই অস্পষ্ট হয়ে গেছে।”

শুরু থেকেই প্রত্যাশা ছিল কম

এবারের কপ৩১ সম্মেলন শুরুই হয়েছিল তুলনামূলক কম প্রত্যাশা নিয়ে।

আয়োজক দেশ তুরস্ক বিশ্বব্যাপী বিদ্যুতায়ন বাড়ানো এবং বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ পরিণতি এড়াতে আগেকার জলবায়ু চুক্তি বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

কিন্তু তুরস্কের সভাপতিত্বকারী কর্তৃপক্ষ এবারের সংশোধিত খসড়া প্রস্তাব প্রকাশ করার পর মতবিরোধ আরও গভীর হয়। দেখা গেল, ওই খসড়ায় জীবাশ্ম জ্বালানির কোনো কথা বলা হয়নি।

প্রতিনিধি ও পর্যবেক্ষকদের ভাষ্য, সম্মেলনের দ্বিতীয় সপ্তাহে বিভিন্ন প্রস্তাবের বিষয়ে ঐকমত্য তৈরির চেষ্টা চললেও সৌদি আরব নিজেদের অবস্থানে অনড় ছিল।

তাদের অবস্থান ছিল, চুক্তির মূল ঘোষণাপত্রে জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে কিছু রাখা যাবে না। বরং কার্বন নিঃসরণ কমাতে সক্ষম কার্বন ক্যাপচার প্রযুক্তির প্রসারে গুরুত্ব দিতে হবে।

আলোচনায় অংশগ্রহণ করা একটি দেশের প্রতিনিধি বলেন, “সৌদি আরব তাদের অবস্থানকে এমনভাবে উপস্থাপন করেছে, যেন বিষয়গুলো তাদের অস্তিত্বের সঙ্গেও সম্পর্কিত এবং তা নিয়ে কোনো আপসের সুযোগ নেই।”

তবে শুধু যে সৌদি আরবই আপস করতে অনিচ্ছুক ছিল, তা নয়। নিজেদের অবস্থানে কঠোর ছিল ইউরোপীয় ইউনিয়নও।

চুক্তিতে জীবাশ্ম জ্বালানির বিষয়টি তুলে ধরার পক্ষে অবস্থান নেওয়া ইউরোপীয় ইউনিয়নের জলবায়ুবিষয়ক কমিশনার ভপকে হুকস্ট্রা বলেন, “হয় একটি ভালো চুক্তি হবে, নয়তো কোনো চুক্তিই হবে না।”

বিষয়টি নিয়ে জার্মানির আহ্বানে কয়েকটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র এবং ‘হাই অ্যাম্বিশন কোয়ালিশন’ সদস্যদের বৈঠক হয়। এই জোটে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ, আফ্রিকার বিভিন্ন দেশ এবং সিঙ্গাপুর ও কানাডার মতো উন্নত দেশও রয়েছে।

সম্মিলিতভাবে তারা প্রায় ১৩০টি দেশের সমর্থন নিয়ে একটি চিঠি তৈরি করে। এতে বলা হয়, ‘আনতালিয়ায় যেকোনো চুক্তিতে জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসার বিষয়টি উল্লেখ থাকতে হবে।’

চিঠিটি সম্মেলনের সভাপতিত্বকারী কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

প্রতিনিধিদের ভাষ্য, এই চিঠি পাঠানোর একই সময়ে সৌদি আরব, চীন ও রাশিয়ার কর্মকর্তারা সম্মেলনের সভাপতিত্বকারী কর্তৃপক্ষের কার্যালয়ে ঘন ঘন যাতায়াত করতে থাকেন। অথচ অন্যান্য দেশের প্রতিনিধিরা বৈঠকের সুযোগ পেতে হিমশিম খাচ্ছিলেন।

চুক্তির খসড়া প্রকাশের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া

জীবাশ্ম জ্বালানির কথা ছাড়াই রোববার ভোরে চুক্তির সংশোধিত খসড়া প্রকাশিত হলে অনেক সদস্য দেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।

রয়টার্স লিখেছে, খসড়াটিতে জার্মানিসহ ওই ১৩০টি দেশের চিঠির দাবিকে কার্যত উপেক্ষা করা হয়েছিল।

কেননা, তাতে জীবাশ্ম জ্বালানির কথা বলা ছিল না। একই সঙ্গে কার্বন ক্যাপচার প্রযুক্তির প্রসারে জোরালো ভাষা বজায় ছিল খসড়ায়।

এ নিয়ে ক্ষুব্ধ টুভালুর জলবায়ুমন্ত্রী মাইনা তালিয়া বলেন, “মনে হচ্ছে, আমরা সৌদিদের সঙ্গেই আলোচনা করছি।”

সবশেষ রোববার দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আলোচকরা প্রকাশ্যেই আশঙ্কা করতে থাকেন, কোনো রাজনৈতিক ঘোষণা ছাড়াই সম্মেলনের আলোচনা ভেস্তে যাচ্ছে।

রোববার বিকালে আনতালিয়া সম্মেলনের সমাপনী অধিবেশনে কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম বলেন, “আমি বুঝতে পেরেছি, কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। তাই নতুন কোনো খসড়া প্রস্তাব তুলে ধরা হবে না।”

অনেক আলোচকের মতে, এবার সম্মেলনে কম কার্বন নিঃসরণকারী বিশ্ব গড়ার পক্ষে থাকা দেশগুলোর তুলনায় বৈশ্বিক উষ্ণায়নে দায়ী জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলোই বেশি ক্ষমতা ও প্রভাব খাটাতে পেরেছে।

এ বিষয়ে ডেনমার্কের জলবায়ুমন্ত্রী সামিরা নাওয়া বলেন, “যখন সম্মেলনের মূল ঘোষণাপত্রে জীবাশ্ম জ্বালানির কথা বলা সম্ভব হয় না, তখন মনে হয় এই কপ সম্মেলনে তেল উৎপাদনকারী দেশগুলোর কণ্ঠস্বরই বেশি জোরালো।”