১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

হুতি আক্রমণ থেকে বন্দর নগরী এডেন বাঁচাতেই পিছু হটেছে ইয়েমেনি সেনারা

কয়েক সপ্তাহ লড়াইয়ের পর গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি থেকে সেনা সরিয়ে অস্থায়ী রাজধানী এডেনে অবস্থান শক্তিশালী করছে সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনী।

হুতি আক্রমণ থেকে বন্দর নগরী এডেন বাঁচাতেই পিছু হটেছে ইয়েমেনি সেনারা

ছবি: বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 07:04 PM

Updated : 16 Nov 2026, 07:04 PM

ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে কয়েক সপ্তাহের তীব্র লড়াইয়ের পর সৌদি আরব সমর্থিত ইয়েমেনের সরকারপন্থি বাহিনী জানিয়েছে, তারা দেশের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেন রক্ষার জন্য তাদের সেনাদের সরিয়ে সেখানে নিয়ে যাচ্ছে।

লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল মান্দেব থেকে সেনাদের সরানো হচ্ছে, যাতে এডেন এবং এর আশপাশের এলাকাগুলোতে তাদের অবস্থান আরও শক্তিশালী করা যায়। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় সশস্ত্র বাহিনী একথা জানিয়েছে।

রোববার হুথি-পরিচালিত সংবাদমাধ্যম জানিয়েছে, সেনা সরে যাওয়ায় ওই এলাকাটির নিয়ন্ত্রণ নিয়েছে তারা। এ বিষয়ে সৌদি আরব কোনও মন্তব্য করেনি।

গত সেপ্টেম্বরে আকস্মিক অভিযানে হুতিরা জলপথটির আশপাশের এলাকা দখল করে নিলে বিশ্বের তেল রপ্তানি চাপে পড়ে এবং হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়।

এরপর এলাকাটির নিয়ন্ত্রণ ফিরে পেতে কয়েক সপ্তাহ ধরে ইয়েমেনি বাহিনীর যে অভিযান চলছিল, সেনা প্রত্যাহারের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তার অবসান ঘটল।

এক মাস আগে হুতিরা জানিয়েছিল, তারা প্রণালির প্রবেশমুখে অবস্থিত পেরিম দ্বীপ এবং কৌশলগত বন্দরনগরী মোখাসহ বিভিন্ন এলাকা দখল করেছে।

তাদের হাত থেকে গুরুত্বপূর্ণ এসব এলাকা পুনরুদ্ধারের চেষ্টায় অক্টোবরের শুরুতে সরকারপন্থি বাহিনী প্রণালিটি ‘সুরক্ষিত’ রাখার দাবি করেছিল।

তবে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে লড়াইরত সৌদি-সমর্থিত বাহিনী রোববার জানিয়েছে, অন্য এলাকাগুলোতে সেনাবল বাড়াতে তারা পিছু হটছে। এ ক্ষেত্রে দক্ষিণাঞ্চলীয় শহর এডেনকে ‘অগ্রাধিকার’ দেওয়া হচ্ছে।

সাউদার্ন আর্মড ফোর্সেসের বিবৃতিতে বলা হয়েছে, ‘ধুবাব বিমানবন্দর এবং বাব আল-মান্দেব প্রণালি থেকে’ সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

বিবৃতিতে জানানো হয়, ‘সম্মুখসারির অবস্থান সুসংহত করা এবং বিদ্যমান হুমকি মোকাবেলায়’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, “রাজধানী এডেন ও পার্শ্ববর্তী প্রদেশগুলোর নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া, সম্মুখসারি শক্তিশালী করা এবং বিদ্যমান হুমকি মোকাবিলার তাগিদ থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

জলপথটি দখলের পর হুতিরা জানিয়েছিল, এর মধ্য দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজের জন্য তারা কোনো হুমকি সৃষ্টি করবে না, তবে সৌদি আরবের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানানো অব্যাহত রাখবে।

তারপরও এলাকাটি হুতিদের দখলে যাওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে এটিও ভূমিকা রাখে।

কারণ, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর থেকে সৌদি আরব তেল রপ্তানির জন্য লোহিত সাগরের ওপর নির্ভর করছিল।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক মুখপাত্র রাভিনা শামদাসানি বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, গত অগাস্টে সংঘাত তীব্র হওয়ার পর থেকে নথিভুক্ত বেসামরিক হতাহতের ৬০ শতাংশের বেশি নারী ও শিশু।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুতিরা এডেন শহরে বারবার হামলা চালিয়েছে। এর মধ্যে গত ১৫ অক্টোবর প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে চালানো এক হামলায় ৫ জন নিহত এবং ১৬ জন আহত হন।

জবাবে সৌদি আরব শত শত বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে, হুতিরা সৌদি আরবের শহর ও অবকাঠামো লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, সংঘাত তীব্র হওয়ার পর থেকে ইয়েমেনে প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া কয়েক শ মানুষ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

২০১৪ সালে হুতিরা রাজধানী সানা থেকে সরকারকে উৎখাত করার পর যে গৃহযুদ্ধ শুরু হয়েছিল, তাতে ইয়েমেন বিপর্যস্ত হয়ে পড়েছে।

২০১৫ সালে সরকারকে ক্ষমতায় পুনর্বহাল করার চেষ্টায় সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর জোট সামরিক হস্তক্ষেপ করলে সংঘাত আরও তীব্র আকার ধারণ করে।

গত জুলাইয়ে হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে ‘নৌ-অবরোধ’ ঘোষণা করে এবং সৌদি বিমানবন্দর, তেল স্থাপনা ও লোহিত সাগরে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করলে চার বছরের অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে পড়তে শুরু করে।

হুতিদের দাবি, তাদের নিয়ন্ত্রিত এলাকার বন্দর ও বিমানবন্দরে সৌদি অবরোধ এবং সানা বিমানবন্দরে বিমান হামলার প্রতিশোধ নিতেই তারা এসব হামলা চালাচ্ছে। সানা বিমানবন্দরে ওই হামলার জন্য তারা সৌদি আরবকে দায়ী করেছে।