বাব আল-মান্দেব থেকে সরে দাঁড়াল ইয়েমেনি বাহিনী, নিয়ন্ত্রণ নিল হুতিরা
বাব আল-মান্দেব এলাকা থেকে ইয়েমেনের সরকারি বাহিনীর পিছু হটার ফলে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রবেশপথের ওপর হুতিদের নিয়ন্ত্রণ ও প্রভাব আরও বাড়ল।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি আরব-সমর্থিত সরকারের পক্ষে লড়াই করা ইয়েমেনি বাহিনী জানিয়েছে, তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির সম্মুখভাগের একটি এলাকা থেকে পিছু হটছে, ফলে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।
বাব আল-মান্দেব এলাকা থেকে ইয়েমেনের সরকারি বাহিনীর পিছু হটার ফলে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রবেশপথের ওপর হুতিদের নিয়ন্ত্রণ ও প্রভাব আরও বাড়ল।
আরব উপদ্বীপের অন্য প্রান্তে ইরান যখন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে, ঠিক সেই সময় এ ঘটনা বিশ্বব্যাপী নৌবাণিজ্যের ওপর বড় ধরনের চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই জোড়া সংকট উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোকে তাদের জাহাজ চলাচলের প্রধান পথ থেকে আরও বিচ্ছিন্ন করবে।
বাব আল-মান্দেব প্রণালি বিশ্বজুড়ে সমুদ্রপথে পণ্য ও কাঁচামাল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম জলপথ; বিশেষ করে মিশরের সুয়েজ খাল হয়ে এশিয়া থেকে ইউরোপে পণ্য পাঠানোর ক্ষেত্রে।
দক্ষিণ ইয়েমেনি বাহিনী জানিয়েছে যে, তারা এডেনের দিকে (যেখানে সরকারের মূল ঘাঁটি অবস্থিত) নতুন করে সেনা মোতায়েন করছে। কারণ, রাজধানী সানা এবং ইয়েমেনের সবচেয়ে জনবহুল এলাকাগুলোসহ উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণকারী হুতিরা এখনও সরকারের নিয়ন্ত্রণে থাকা দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোর ওপর চাপ বাড়াচ্ছে।
ইয়েমেনের সাউদার্ন আর্মড ফোর্সেস এক বিবৃতিতে বলেছে, তারা তাইজ গভর্নরেটের পশ্চিমে অবস্থিত ধুবাব বিমানবন্দর এবং বাব আল-মান্দেব এলাকা থেকে তাদের সেনাদের নতুন করে অন্যখানে সরিয়ে নেওয়ার কাজ শুরুর ঘোষণা দিচ্ছে।
এডেন ও পার্শ্ববর্তী প্রদেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, সম্মুখসারির প্রতিরক্ষা জোরদার এবং বিদ্যমান হুমকি মোকাবেলাকে অগ্রাধিকার দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ইয়েমেনের গোটা লোহিত সাগর উপকূল নিজেদের নিয়ন্ত্রণে নিতে দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হয় হুতিরা। এই অভিযানে বাব আল-মান্দেব প্রণালির কাছে পৌঁছে যায় গোষ্ঠীটি।
এর জবাবে কৌশলগত উপকূলীয় এলাকাগুলো পুনর্দখল করতে গত অক্টোবরে সামরিক অভিযান শুরু করে সরকারি বাহিনী।
