২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের রাখাইন ও কায়া রাজ্যে সামরিক বাহিনীর হামলায় নিহত ৪৯

এর তিন দিন আগে মধ্যাঞ্চলের একটি স্কুলে সামরিক বাহিনীর বিমান হামলায় শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছিল।

মিয়ানমারের রাখাইন ও কায়া রাজ্যে সামরিক বাহিনীর হামলায় নিহত ৪৯

মিয়ানমারের মাগওয়ে অঞ্চলের ইনয়োন গ্রামে জান্তা বাহিনীর বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ও ভুক্তভোগীরা। ছবি: মিয়ানমার নাউ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 07:16 PM

Updated : 29 Nov 2026, 07:16 PM

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন ও পূর্বাঞ্চলীয় কায়া রাজ্যে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় সামরিক বাহিনীর পৃথক বিমান ও গোলা হামলায় ৪৯ জন নিহত এবং ৯০ জনের বেশি আহত হয়েছেন।

শনিবার এসব হামলা চালানো হয়েছে বলে স্থানীয় বাসিন্দা ও এক ত্রাণকর্মীর বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির মধ্যাঞ্চলীয় মাগওয়ে জেলায় সামরিক বাহিনীর প্রাণঘাতী হামলার কয়েকদিন পর এবং মিয়ানমার সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেওয়ার প্রায় এক সপ্তাহ পর এসব হামলা চালানো হয়েছে।

শনিবার সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান রাখাইনের ম্রাউক-ইউ শহরে আলাদাভাবে দুইবার হামলা চালায় বলে জানিয়েছেন স্থানীয় এক ত্রাণকর্মী এবং শহরটির নিয়ন্ত্রণে থাকা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

আরাকান আর্মির মুখপাত্র জানান, স্থানীয় সময় বিকাল ৪টার দিকে দুটি ৫০০ পাউন্ডের বোমা এবং সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে আরও দুটি বোমা ফেলা হয়।

ওই ত্রাণকর্মী জানান, এসব হামলায় শিশু ও বৃদ্ধসহ প্রায় ২৮ জন বেসামরিক মানুষ নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন।

কায়া রাজ্যের (কারেন্নি নামেও পরিচিত) মো বাই এলাকায় শনিবার বিমান, ড্রোন থেকে বোমাবর্ষণ ও কামান থেকে গোলাবর্ষণ করে সম্মিলিত সামরিক হামলা চালানো হয়। শান রাজ্যের সীমান্তবর্তী এলাকাটির বাসিন্দারা ও সেখানে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত লোকজন তখন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

তারা জানান, দুপুরবেলা চালানো এ হামলায় একটি কিন্ডারগার্টেন ও স্কুলের প্রথম শ্রেণির শিশুশিক্ষার্থীসহ ২১ জন নিহত ও ৬০ জনের বেশি আহত হন।

এক বিবৃতিতে অঞ্চলটির বিদ্রোহী নেতৃত্বাধীন স্থানীয় সরকার 'কারেন্নি রাজ্যের অন্তর্বর্তীকালীন নির্বাহী পরিষদ' এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে। বিবৃতিতে তারা এ হামলার বিষয়ে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘সুনির্দিষ্ট ও কঠোর পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলের একটি স্কুল প্রাঙ্গণে সামরিক বাহিনীর বিমান হামলায় শিশুসহ অন্তত ৩০ জন নিহত হন।

রয়টার্স জানিয়েছে, তারা হতাহতের এই সংখ্যা বা হামলার বিবরণ স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

মিয়ানমারের বিরোধীদলীয় জাতীয় ঐক্য সরকারের সংরক্ষিত নথি অনুযায়ী, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবরের শেষ পর্যন্ত মিয়ানমারের সামরিক বাহিনী ৬৬৫৩টি পৃথক ঘটনায় ১৫৩২৭টি বিমান হামলা চালিয়েছে আর এর ফলে ৬৪৬৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৫৬২টি স্কুল ও ৮৪৮টি ধর্মীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর শুরু হওয়া মিয়ানমারের গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রায় এক লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।