ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি
সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যরা ‘সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের’ সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর মধ্যে শুধুমাত্র গোপালগঞ্জেই আছে সর্বোচ্চ ৫৬ প্লাটুন।
শুক্রবার বিজিবি সদর দপ্তরের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, ঢাকা ও গোপালগঞ্জের বাইরে নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
এর মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, কক্সবাজারে ৭ প্লাটুন এবং চট্টগ্রামে ৩ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
এছাড়া আরও ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে ওই বার্তায় উল্লেখ করা হয়েছে।
প্লাটুনপ্রতি সাধারণত ২০ থেকে ৩০ জন বিজিবি সদস্য থাকেন।
বিজিবি বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলারক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন।
মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ভিডিও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও বলছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
