যেসব পণ্য ভুলেও রান্নাঘর পরিষ্কারে ব্যবহার করা উচিত না
সব পণ্য সব জায়গায় নয়, বরং সঠিক পরিষ্কারক ব্যবহারে জিনিস বহুদিন ভালো রয়।
অনেক সময় ঘর দ্রুত ও নিঁখুত পরিষ্কার করার উদ্দেশ্যে এমন কিছু সাধারণ পণ্য ব্যবহার করা হয়, যা আসলে রান্নাঘরের বিভিন্ন জায়গাকে আরও ময়লা করে ফেলে।
জীবনধারা ও গৃহস্থালি-বিষয়ক ওয়েবসাইট ‘রিয়েল সিম্পল’-এ প্রকাশিত প্রতিবেদনে পরিচ্ছন্নতা বিশেষজ্ঞরা রান্নাঘরের সাধারণ কিছু পরিষ্কারক পণ্যের ক্ষতিকর দিক এবং সুরক্ষার সঠিক নির্দেশনা তুলে ধরেন।
ঘর পরিষ্কার, দাগ দূরীকরণ এবং বস্ত্র সংরক্ষণ নিয়ে চার দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন মার্কিন পরিচ্ছন্নতা বিশেষজ্ঞ মেরি মার্লো লেভারেট রান্নাঘরের সুরক্ষায় ক্ষতিকর এমন ৭টি বহুল ব্যবহৃত পণ্যের তালিকা সম্পর্কে জানান।
হোয়াইট ভিনেগার বা সাদা ভিনেগার ও লেবুর রস
ভিনেগারে থাকা অ্যাসিটিক অ্যাসিড ব্যাকটেরিয়া ধ্বংসে কার্যকর হলেও, এটি সব জায়গার জন্য নিরাপদ নয়।
মার্বেল বা গ্রানাইটের মতো প্রাকৃতিক পাথরের কাউন্টারটপে নিয়মিত ভিনেগার ব্যবহার করলে, এর শক্তিশালী অ্যাসিড পাথরকে ক্ষয় করে আসল মসৃণতা ও চকচকেভাব নষ্ট করে দেয়।
এছাড়া ভিনেগারের কারণে দামি ছুরির ধাতব ব্লেডে ছোট ছোট গর্ত বা ‘পিটিং’।
একইভাবে তাজা লেবুর রস বা ‘সিট্রাস’-ভিত্তিক ক্লিনারগুলোতে থাকা সিট্রিক অ্যাসিডও পাথরের তাক ও ধাতব জিনিসের ক্ষতি করে।
বিকল্প পদ্ধতি: পাথরের কাউন্টারটপ জীবাণুমুক্ত করতে থালাবাসন ধোয়ার হালকা সাবান, কুসুম গরম পানি এবং একটি নরম মাইক্রোফাইবার কাপড়ের ব্যবহার নিরাপদ।
অল-পারপাস ক্লিনার বা বহুমুখী ক্লিনার
বিজ্ঞাপনের চমক দেখে ‘অল-পারপাস ক্লিনার’ সব জায়গায় ব্যবহার করা ভুল। এই ধরনের পরিষ্কারকে সাধারণত অ্যামোনিয়া, সিট্রিক অ্যাসিড বা ব্লিচের মতো তীব্র ক্ষারীয় বা অম্লীয় উপাদান থাকে। এগুলো স্টেইনলেস স্টিলের রেফ্রিজারেটর বা ওভেনে স্থায়ী ছোপ ছোপ দাগ বা ধোঁয়াশা ভাব তৈরি করে এবং প্রাকৃতিক কাঠের কেবিনেটের পলিশ নষ্ট করে দেয়।
মেলামাইন স্পঞ্জ বা ম্যাজিক ইরেজার
মেলামাইন স্পঞ্জ দাগ দূর করতে জাদুর মতো কাজ করলেও এটি আসলে একটি অত্যন্ত সূক্ষ্ম ঘষামাজার বা ক্ষয়কারী উপাদান। রান্নাঘরের নিচের জায়গাগুলোতে এই স্পঞ্জ তীব্রভাবে ঘষলে স্থায়ী দাগ পড়ে যায়, যা ঠিক করা ব্যয়বহুল।
রঙিন কেবিনেট ও দেয়াল: জোরে ঘষার ফলে কাঠের রং চটে যায় বা দেয়ালের ‘ফিনিশিং’ মলিন দেখায়।
পাথরের মেঝে ও কাউন্টারটপ: গ্রানাইট, মার্বেল বা কোয়ার্টজ জায়গায় স্থায়ী দাগ পড়ে।
নন-স্টিক পাত্র: নন-স্টিক কোটিং পুরোপুরি উঠে যেতে পারে। এর চেয়ে বেইকিং সোডা ও পানির পেস্ট দিয়ে নন-স্টিক পাত্র ধোয়া নিরাপদ।
কাচের চুলা: গ্লাস টপ ওভেনে মেলামাইন স্পঞ্জ ঘষলে এমন দাগ পড়ে যা আর দূর করা যায় না। কাচের চুলা পরিষ্কার করতে ১ কাপ গরম পানি, ১ কাপ ভিনেগার এবং আধা চামচ বাসন ধোয়ার সাবানের মিশ্রণ স্প্রে করে মোছা ভালো।
হাইড্রোজেন পারক্সাইড
হাইড্রোজেন পারক্সাইড একটি শক্তিশালী স্যানিটাইজার হলেও এটি স্টেইনলেস স্টিলের ওপর থাকা অদৃশ্য প্রতিরক্ষামূলক আবরণের রাসায়নিক ক্ষতি করে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে দামি স্টিলের ফ্রিজ বা ওভেনে জং বা মরিচা ধরতে শুরু করে।
এছাড়া এটি আনসিলড বা আলগা কাঠ ও পাথরের কাউন্টারটপকে অতিরিক্ত শুষ্ক ও বিবর্ণ করে তোলে।
তারের মাজনি
অনেকে ভাবেন স্টেইনলেস স্টিলের পাত্র বা সিংক পরিষ্কার করতে স্টিল বা তারের মাজনি ব্যবহার করা বুঝি স্বাভাবিক। তবে এই শক্ত মাজনি বা শক্ত ব্রাশ স্টিলের গায়ে চিরস্থায়ী আঁচড় ফেলে দেয়।
এই দাগগুলোর ভেতরে পরে ময়লা ও পানি আটকে জং ধরে যায়। আর এটি পরিষ্কার করা আরও কঠিন হয়ে পড়ে।
ক্লোরিন ব্লিচ বা অ্যামোনিয়া
তীব্র ক্ষারযুক্ত ক্লোরিন ব্লিচ বা তরল অ্যামোনিয়া যদি সরাসরি বা পানিতে না মিশিয়ে ব্যবহার করা হয়, তবে স্টেইনলেস স্টিলের তৈরি জিনিসের রং স্থায়ীভাবে তামাটে বা বিবর্ণ করে দেয়।
বারবার ব্লিচের ব্যবহারে ধাতবের ভেতর স্থায়ী ক্ষয় তৈরি হয়, যা আর আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব হয় না।
দীর্ঘদিন ধরে ব্যবহৃত সাধারণ স্পঞ্জ
রান্নাঘরের পরিচিত উপাদান স্পঞ্জই হতে পারে পরিবারের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক ফাঁদ।
স্পঞ্জের স্যাঁতসেঁতে ভেজা ক্ষুদ্রাতিক্ষুদ্র গর্তগুলো খাবারের কণা আটকে রেখে ব্যাকটিরিয়া, বিশেষ করে ‘ই. কোলাই’-এর উপযুক্ত প্রজনন ক্ষেত্রে পরিণত হয়।
এই অপরিচ্ছন্ন স্পঞ্জ দিয়ে যখন কাউন্টারটপ বা ফ্রিজের হ্যান্ডেল মোছা হয়, তখন এক একটি জায়গায় প্রায় ৮০ লক্ষ ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে পারে, যা রান্নার সময় হাতের মাধ্যমে খাবারে স্থানান্তরিত হওয়ার ঝুঁকি তৈরি হয়।
বিশেষজ্ঞের পরামর্শ: প্রতিবার ব্যবহারের পর স্পঞ্জ ভালো করে ধুয়ে সম্পূর্ণ শুকাতে হবে এবং পরিবারের সুরক্ষায় প্রতি দুই সপ্তাহ পর পর পুরানো স্পঞ্জ ফেলে নতুন ব্যবহার করা উচিত।
