ঘরের যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না
আয়না, কাচের জিনিস বা বৈদ্যুতিকযন্ত্রের পর্দা পরিষ্কারে টিস্যু ব্যবহার করলে উল্টো ক্ষতি হয়।
তেল-মসলা মোছা থেকে শুরু করে তাৎক্ষণিক যেকোনও ময়লা পরিষ্কারে পেপার টাওয়েল বা কিচেন টিস্যুর জুড়ি নেই।
তবে পরিচ্ছন্নতা বিশেষজ্ঞদের মতে, সব ধরনের পৃষ্ঠ বা আসবাব পরিষ্কারের জন্য টিস্যু উপযুক্ত নয়। কিছু সংবেদনশীল জিনিসে টিস্যু বা পেপার টাওয়েল ব্যবহার করলে উল্টো সূক্ষ্ম আঁচড় পড়ে যায়, উজ্জ্বলতা নষ্ট হয় এবং কাগজের গুঁড়া লেগে থাকে।
জীবনধারা ও গৃহস্থালি-বিষয়ক ওয়েবসাইট ‘রিয়েল সিম্পল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে, যুক্তরাষ্ট্রের ‘মাউন্টেন টপ ক্লিনিং অ্যান্ড মেইনটেন্যান্স’-এর পেশাদার পরিচ্ছন্নতা বিশেষজ্ঞ জেসিকা ইংলিশ এবং পরিবেশবান্ধব পরিচ্ছন্নতা ব্র্যান্ড ‘এল’আভান্ত কালেক্টিভ’-এর সহ-প্রতিষ্ঠাতা ক্রিস্টি লর্ড বিষয়গুলো বিশ্লেষণ করেছেন।
কাচ ও আয়না
আয়না বা জানালার কাচ ঝকঝকে রাখতে চাইলে টিস্যু পেপার পুরোপুরি বর্জন করা উচিত।
জেসিকা ইংলিশ বলেন, “অধিকাংশ পেপার টাওয়েল বা টিস্যু কাঠের মণ্ড বা তন্তু দিয়ে তৈরি, যা মোছার সময় ভেঙে গিয়ে কাচের গায়ে সূক্ষ্ম কণা ও দাগ ফেলে রাখে।”
বিকল্প: কাচ ও আয়না পরিষ্কারের জন্য বিশেষভাবে তৈরি উন্নত মানের মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করতে হবে, যা কোনও আঁশ না ফেলেই ধুলাবালি ও দাগ দূর করে।
ইলেকট্রনিক স্ক্রিন
কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্টফোনের স্ক্রিন বা পর্দায় আঙুলের ছাপ পড়লে অনেকেই টিস্যু দিয়ে মুছে ফেলেন। তবে এই সংবেদনশীল স্ক্রিনগুলোতে বিশেষ সুরক্ষামূলক আবরণ থাকে, যা টিস্যুর খসখসে তন্তুর ঘর্ষণে সহজেই আঁচড় পড়ে নষ্ট হয়ে যায়।
বিকল্প: কোনও আঁচড় ছাড়াই তেল ও আঙুলের ছাপ তুলতে নরম মাইক্রোফাইবার কাপড় অথবা স্ক্রিন-বান্ধব ‘ওয়াইপস’ ব্যবহার করা নিরাপদ।
কাঠের আসবাবপত্র
বইয়ের তাক থেকে শুরু করে ডাইনিং টেবিল- বার্নিশ করা কাঠের আসবাবে টিস্যু ব্যবহার করা ক্ষতিকর।
জেসিকা ইংলিশের মতে, “টিস্যুর খসখসে তন্তু কাঠের বার্নিশ বা ‘পলিইউরেথেন’ আবরণে অতি সূক্ষ্ম আঁচড় তৈরি করে এবং ধীরে ধীরে আসবাবের স্বাভাবিক উজ্জ্বলতা ম্লান করে দেয়। এছাড়া কাঠের অমসৃণ অংশে কাগজের টুকরও আটকে যায়।
বিকল্প: কাঠের আসবাবের ধুলা ঝাড়তে শুকনো সুতি বা মাইক্রোফাইবার কাপড় এবং দাগ তুলতে সামান্য ভেজা নরম কাপড় দিয়ে হালাকা ঘষে সঙ্গে সঙ্গে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে।
স্টেইনলেস স্টিলের যন্ত্রপাতি
রেফ্রিজারেইটর বা ডিশওয়াশারের মতো স্টেইনলেস স্টিলের যন্ত্রপাতির গায়ে সূক্ষ্ম দানা বা প্রলেপ থাকে।
জেসিকা ইংলিশ সতর্ক করে বলেন, “টিস্যু দিয়ে মুছলে এই প্রলেপে আঁচড় পড়ে এবং কাগজের গুঁড়া লেগে থাকে।”
ক্রিস্টি লর্ড আরও যোগ করেন যে, “কালো স্টেইনলেস স্টিলের যন্ত্রে পাতলা পলিমার আবরণ থাকে, যা ঘর্ষণের ফলে উঠে গিয়ে ভেতরের রুপালি রং বেরিয়ে পড়ে।”
বিকল্প: নরম মাইক্রোফাইবার কাপড়ে স্টেইনলেস স্টিল ক্লিনার বা সামান্য তরল সাবান মিশ্রিত পানি লাগিয়ে স্টিলের দানার দিক বরাবর আলতোভাবে মুছতে হবে।
কাস্ট আয়রন বা ঢালাই লোহার পাত্র
ঢালাই লোহার প্যান বা কড়াইয়ের পৃষ্ঠ বেশ অমসৃণ ও খসখসে হওয়ায় টিস্যু দিয়ে মুছলে, তাতে কাগজের ক্ষুদ্র কণা আটকে যায়। যা পরে খাবারের সঙ্গে মিশে যেতে পারে।
তাছাড়া টিস্যু দিয়ে প্যানের গায়ে লেগে থাকা পোড়া খাবার ঠিক মতো তোলাও যায় না।
বিকল্প: কাস্ট আয়রন প্যান পরিষ্কার করতে শক্ত ব্রাশ বা স্ক্রাবার ব্যবহার করতে হবে। আর ধোয়ার পর আঁশ ওঠে না এমন পরিষ্কার সুতি ‘কিচেন টাওয়েল’ দিয়ে মুছে শুকিয়ে নিতে হবে।
