যে কারণে ‘শাওয়ার হেড’ পরিষ্কার রাখা জরুরি
শাওয়ার হেডের বন্ধ ছিদ্র ও ফিল্টার থেকে ময়লা দূর করার জন্য রয়েছে সহজ উপায়।
বাথরুমের ‘শাওয়ার হেড’ বা ঝরনা দিয়ে পানির গতি কি হঠাৎ কমে গেছে? পানিতে থাকা খনিজ পদার্থ বা মিনারেলস জমে শাওয়ার হেডের ছিদ্রগুলো বন্ধ হয়ে গেলে এমন সমস্যা দেখা দেয়।
বিশেষ করে যেসব এলাকায় পানিতে আয়রন বা খার বেশি, সেখানে এই সমস্যা আরও প্রকট হয়। ছিদ্রগুলো বন্ধ হয়ে গেলে শাওয়ার হেডের ভেতরের অন্ধকার, উষ্ণ ও স্যাঁতসেঁতে পরিবেশে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ছত্রাক বাসা বাঁধতে শুরু করে, যা গোসলের পানির সঙ্গে মিশে ত্বক ও স্বাস্থ্যের ক্ষতি করে।
জীবনধারা ও গৃহস্থালি-বিষয়ক ওয়েবসাইট রিয়েল সিম্পল-এ প্রকাশিত প্রতিবেদনে, গৃহস্থালি ও দাগ দূরীকরণ নিয়ে চার দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন মার্কিন পরিচ্ছন্নতা বিশেষজ্ঞ মেরি মার্লো লেভারেট বলেন, “সুস্থ থাকতে এবং পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে প্রতি মাসে অথবা অন্তত দুই মাস পর পর শাওয়ার হেড গভীরভাবে পরিষ্কার করা আবশ্যক।”
আর তীব্র কেমিকেল বা ব্লিচ ছাড়াই ঘরোয়া উপাদানে শাওয়ার হেড পরিষ্কারের রয়েছে উপায়।
সাদা ভিনেগার ব্যবহারের পদ্ধতি
ভিনেগারে থাকা প্রাকৃতিক অ্যাসিড কোনও ক্ষতি ছাড়াই জমে থাকা খনিজ বা ‘লাইমস্কেল’ গলিয়ে ফেলতে বেশ কার্যকর।
তবে নিকেল প্রলেপযুক্ত শাওয়ার হেডে ভিনেগার ব্যবহার করা যাবে না। ব্রাস, গোল্ড বা ক্রোম ফিনিশিংয়ের ক্ষেত্রে ৩০ মিনিটের বেশি ভিনেগারে ভিজিয়ে রাখা উচিত নয়।
প্রক্রিয়া: একটি মজবুত প্লাস্টিকের ব্যাগে পরিমাণমতো সাদা ভিনেগার নিয়ে, শাওয়ার হেডটি সেটার ভেতরে ডুবিয়ে রাবার ব্যান্ড দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে। কয়েক ঘণ্টা (বা সারারাত) ভিজিয়ে রাখার পর ব্যাগটি খুলে ১ মিনিট গরম পানি ছেড়ে ভেতরের আলগা ময়লা বের করে দিতে হবে।
এরপর টুথপিক দিয়ে বন্ধ ছিদ্রগুলো পরিষ্কার করে এবং শুকনো বেেইকিং সোডায় ডোবানো পুরানো টুথব্রাশ দিয়ে ঘষে পুনরায় গরম পানিতে ধুয়ে নিতে হবে।
লেবুর রস ও বেইকিং সোডার পেস্ট
হাতের কাছে ভিনেগার না থাকলে বা দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখার সময় না হলে লেবুর রস ও বেইকিং সোডার মিশ্রণ বিকল্প হিসেবে কাজ করে।
প্রক্রিয়া: একটি বাটিতে কয়েক টেবিল-চামচ বেইকিং সোডা বা লবণের সঙ্গে লেবুর রস মিশিয়ে ঘন পেস্ট তৈরি করতে হবে। এরপর পুরানো টুথব্রাশ দিয়ে পেস্টটি শাওয়ার হেডের ছিদ্র ও চারপাশে ভালোভাবে ঘষে পরিষ্কার করতে হবে।
পরিষ্কার শেষে গরম পানি চালিয়ে ভালোভাবে ধুয়ে নরম কাপড় দিয়ে মুছে ফেলতে হবে।
ভেতরের ফিল্টার স্ক্রিন পরিষ্কার করা
বাইরে থেকে পরিষ্কার করার পরও যদি পানির গতি কম থাকে, তবে বুঝতে হবে শাওয়ার হেডের ভেতরের ‘ফিল্টার স্ক্রিন’-এ ময়লা জমেছে।
প্রক্রিয়া: রেঞ্চ বা প্লায়ার্সের মুখে কাপড় পেঁচিয়ে শাওয়ার হেডটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে খুলে নিতে হবে। ভেতরে থাকা ছোট ছাঁকনি বা ফিল্টার স্ক্রিনটি বের করে সমপরিমাণ পানি ও ভিনেগারের মিশ্রণে টুথব্রাশ ডুবিয়ে ঘষে পরিষ্কার করতে হবে।
এরপর পানি দিয়ে ধুয়ে পুনরায় যথাস্থানে লাগিয়ে দিতে হবে।
শাওয়ার হেড দীর্ঘদিন পরিষ্কার রাখার কৌশল
বিশেষজ্ঞদের মতে, শাওয়ার হেডে কখনই ব্লিচ ব্যবহার করা উচিত নয়, কারণ এটি ধাতব আবরণ নষ্ট করার পাশাপাশি ত্বক ও চুলের ক্ষতি করে।
প্লাস্টিকের বদলে ধাতব শাওয়ার হেড বেছে নেওয়া ভালো, কারণ প্লাস্টিকে ছত্রাক দ্রুত জন্মায়।
এছাড়া প্রতিবার গোসল শেষে শুকনো মাইক্রোফাইবার কাপড় দিয়ে শাওয়ার হেড মুছে রাখতে হবে। আর বাথরুমে এগজস্ট ফ্যান থাকলে গোসলের পর সেটা চালু রাখলে পানির দাগ ও ছত্রাক জমার প্রবণতা কমে যায়।
