২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কষ্ট করে ঘষামাজা ছাড়াই মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কারের সহজ ঘরোয়া উপায়

ওভেন পরিষ্কার না রাখলে, ভেতরে বাতাস চলাচলের ছিদ্র বন্ধ হয়ে অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 05:57 PM

Updated : 22 Nov 2026, 05:57 PM

প্রতিদিনের ব্যস্ততায় খাবার গরম করতে মাইক্রোওয়েভ ওভেন এখন প্রায় প্রতিটি ঘরের অপরিহার্য যন্ত্র।

তবে নিয়মিত পরিষ্কার না করলে ওভেনের ভেতরে খাবারের ছিটে পড়া তেল-মসলা জমে শক্ত দাগ ও দুর্গন্ধ তৈরি হয়, যা পরে গরম করা খাবারের মান নষ্ট করে এবং যন্ত্রের কার্যক্ষমতা কমিয়ে দেয়।

পরিচ্ছন্নতা বিশেষজ্ঞদের মতে, সামান্য ভিনেগার বা লেবুর রস ব্যবহার করে কোনও কড়া কেমিক্যাল বা অতিরিক্ত ঘষামাজা ছাড়াই মাত্র কয়েক মিনিটে মাইক্রোওয়েভ ওভেন নতুনের মতো ঝকঝকে রাখা সম্ভব।

গৃহস্থালি-বিষয়ক ওয়েবসাইটন ‘রিয়েল সিম্পল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে গৃহস্থালি বিশেষজ্ঞ ও ‘ফ্রম দ্য গ্রাউন্ড আপ’ বইয়ের লেখক নোয়েল জেট এবং মার্কিন পরিচ্ছন্নতা প্রতিষ্ঠান ‘মলি মেইড’-এর সভাপতি ভেরা পিটারসন মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কারের সহজ পদ্ধতি তুলে ধরেছেন।

কতদিন পর পর পরিষ্কার করা জরুরি?

ভেরা পিটারসন জানান, সঠিক যত্ন নিলে একটি মাইক্রোওয়েভ ওভেন সাধারণত ৫ থেকে ১০ বছর পর্যন্ত ভালো থাকে।

ওভেনের বাইরের অংশ প্রতিদিন রান্নাঘরের কাউন্টার মোছার সময় মুছে ফেলা উচিত এবং ভেতরের অংশ মাসে অন্তত একবার গভীরভাবে পরিষ্কার করা আবশ্যক।

তবে খাবার পড়ে গেলে, শুকিয়ে শক্ত হওয়ার আগেই সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেওয়া বুদ্ধিমানের কাজ।

অন্যদিকে, নোয়েল জেট সতর্ক করে বলেন, “ওভেনের ভেতরে অতিরিক্ত তেল-চর্বি জমে বাতাস চলাচলের ছিদ্র বন্ধ হয়ে গেলে, সেখান থেকে অগ্নিকাণ্ডের ঝুঁকিও তৈরি হতে পারে।”

ভিনেগার বা লেবুর রসে মাইক্রোওয়েভ পরিষ্কারের পন্থা

শক্ত দাগে স্প্রে করা

ওভেনের ভেতরে পুরানো বা জেদি দাগ থাকলে প্রথমে সমপরিমাণ সাদা ভিনেগার ও পানি একটি স্প্রে বোতলে মিশিয়ে দাগযুক্ত স্থানে ভালোভাবে স্প্রে করে নিতে হবে।

ভিনেগার বা লেবুর মিশ্রণ তৈরি

একটি মাইক্রোওয়েভ-নিরাপদ পাত্রে ২ কাপ পানির সঙ্গে ২ টেবিল-চামচ সাদা ভিনেগার (ভিনেগার না থাকলে তাজা লেবুর রস) মিশিয়ে নিতে হবে। সুগন্ধের জন্য এতে ১-২ ফোঁটা এসেনশল অয়েল যোগ করা যেতে পারে।

জরুরি নিরাপত্তা কৌশল: পানির পাত্রের ভেতরে অবশ্যই একটি ছোট কাঠের চামচ বা একটি টুথপিক রেখে দিতে হবে। এতে পানি অতিরিক্ত গরম হয়ে হঠাৎ ফুটে ছিটকে পড়ার বা বিস্ফোরিত হওয়ার ঝুঁকি থাকে না।

ওভেনে বাষ্প তৈরি করা

মিশ্রণসহ পাত্রটি ওভেনের ভেতরে রেখে দরজা বন্ধ করে উচ্চ তাপমাত্রায় ৩ মিনিট চালাতে হবে। এরপর দরজা না খুলে আরও ১৫ মিনিট অপেক্ষা করতে হবে, যাতে ভেতরের গরম বাষ্প জমে থাকা শক্ত ময়লাগুলো নরম করে দেয়।

ভেতরের অংশ ও কাচের প্লেট পরিষ্কার

১৫ মিনিট পর ওভেন মিটস বা মোটা কাপড় দিয়ে গরম পাত্রটি সাবধানে বের করে নিতে হবে এবং নিচের ঘূর্ণায়মান কাচের প্লেটটি খুলে নিতে হবে।

এরপর ওই ভিনেগার মিশ্রিত পানিতে একটি পরিষ্কার মাইক্রোফাইবার কাপড় ভিজিয়ে ওভেনের ভেতরের দেয়াল ও ছাদ মুছে নিলেই সব ময়লা সহজে উঠে আসবে।

জেদি দাগ থাকলে নরম স্ক্রাবার ব্যবহার করা যেতে পারে।

কাচের প্লেটটি হালকা গরম পানি ও ডিশ সোপ দিয়ে ধুয়ে শুকিয়ে পুনরায় বসিয়ে দিতে হবে।

বাইরের অংশ ও কন্ট্রোল প্যানেল মোছা

বাইরের অংশ পরিষ্কার করতে সরাসরি কন্ট্রোল প্যানেলে কোনও তরল স্প্রে করা যাবে না; এতে ভেতরের ইলেকট্রনিক যন্ত্রাংশ নষ্ট হতে পারে।

বরং পরিষ্কার কাপড়ে ক্লিনার বা সাবান পানি লাগিয়ে ভালোভাবে চিপে নিয়ে তারপর পুরো ওভেনটি মুছে ফেলতে হবে।

দীর্ঘদিন ওভেন পরিষ্কার রাখার কৌশল

ওভেনে খাবার গরম করার সময় ছিটকে পড়া রোধ করতে সবসময় মাইক্রোওয়েভ-নিরাপদ ঢাকনা অথবা কিচেন টিস্যু দিয়ে খাবার ঢেকে রাখতে হবে।

এছাড়া নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে খাবার গরম না করলে খাবার উপচে পড়ে ওভেন নোংরা হওয়ার প্রবণতা কমে যায়।

পুরনো খবর:

মাইক্রোওয়েইভ ওভেনের ৫ ব্যবহার
মাইক্রোওয়েভে যে কোনো তরল গরম করার ক্ষেত্রে সাবধান
মাইক্রোওয়েভ ওভেনে রান্না কতটুকু নিরাপদ