দেশজুড়ে বিসিবি একাডেমি করবে তামিমের বোর্ড
বিভাগীয় শহরগুলোতে সম্ভাবনাময় ক্রিকেটারদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার জন্য ক্রিকেট একাডেমি করার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
তৃণমূল থেকে আরও বেশি ক্রিকেটার বের করে আনার লক্ষ্যে নতুন পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিভাগীয় শহরগুলোতে সম্ভাবনাময় ক্রিকেটারদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার জন্য ক্রিকেট একাডেমি করার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার এক সংবাদ সম্মেলনে নানান বিষয়ে কথা বলেন তামিম। সেখানেই দেশজুড়ে বিসিবি একাডেমি করার কথা জানিয়েছেন দেশের সাবেক অধিনায়ক।
“একটা ছোট জিনিস বলি... পরিকল্পনা শেষ করে বলা উচিত ছিল। এখন বলতে পারি, ৬-৭টা বিভাগীয় শহরে একাডেমি করবে বিসিবি। এই একাডেমির মানে এমন না যে, স্থানীয় ক্রিকেট একাডেমিগুলোকে চ্যালেঞ্জ করব। একদমই তা নয়। বরং স্থানীয় একাডেমি থেকেও বিসিবি একাডেমিতে সুযোগ পাওয়ার ব্যবস্থা থাকবে।”
এসময় বোর্ড সভাপতি জানান, পরিকল্পনা বড় হলেও বিসিবির খরচ হবে ন্যুনতম।
“মজার বিষয় হলো, একাডেমি করতে বিসিবির খরচ কতটুক? বাজেট কেমন? খুবই কম। আপনার যদি দেশের ক্রিকেটের জন্য সত্যিই কিছু করার ইচ্ছা থাকে, এসব এমনিই সমাধান হয়ে যায়। একটা উদাহরণ দিই, সিলেটে যদি একটা একাডেমি হয়, সেখানে মাঠ আছে, উইকেট আছে, ইনডোরও আছে। আমার কী লাগবে? শুধু বল আর কাপড় (জার্সি)। বাকি সব সুবিধাদি আগেই রয়েছে।
“একই অবস্থা চট্টগ্রাম, খুলনা, বগুড়া বা বরিশালের ক্ষেত্রেও। আমার লাগবেটা কী? কোচও আছে। জেলা ও বিভাগের কোচদের বেতন দেয় বোর্ড। উনারাই এসব একাডেমিতে কাজ করবে। তো সবই আছে। এই জিনিসটা শুরু করতে শুধু বল আর কাপড় লাগবে।”
স্কুলপড়ুয়া বা শিক্ষার্থীদের পড়াশোনার কথা মাথায় রেখে সপ্তাহে তিন দিন এসব একাডেমির কার্যক্রম পরিচালনার ভাবনার কথা বলেন তামিম।
“একইসঙ্গে ছয়-সাতটি একাডেমির কার্যক্রম শুরু হবে। খুব বেশি সময় লাগবে না। কয়েক মাস সময়ের মধ্যে চালু হয়ে যাবে। আমরা চেষ্টা করব, বৃহস্পতি, শুক্র ও শনিবার- তিন দিন এই একাডেমিগুলো চলবে। যাতে তাদের স্কুলে কোনো ঝামেলা না হয়।
“আরেকটা বিষয় হলো, এটা পুরোপুরি ফ্রি থাকবে। যাদেরকে আমরা বাছাই করব, এখানে ৫০ জন হোক ৬০ জন হোক, তারা পুরোপুরি ফ্রি প্রশিক্ষণ পাবে। বিসিবিই সব দেখভাল করবে। এভাবেই ক্রিকেটটা ধীরে ধীরে ঢাকার বাইরেও জনপ্রিয় হতে শুরু করবে।”
গত কয়েক মাস ধরেই মিরপুর স্টেডিয়ামস্থ জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে চলছে অ্যাথলেটিকস ট্র্যাক বসানোর কাজ। এছাড়া বানানো হচ্ছে নতুন সুইমিংপুল। আগের জিমনেশিয়ামেরও সংস্কারকাজ চলছে জোরেশোরে।
ক্রিকেটারদের সুবিধাদির এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে বিসিবি ট্রেনিং এন্ড রিকভারি সেন্টার। তামিম জানিয়েছেন, এরই মধ্যে এই সেন্টারের স্পন্সরশিপ নিতে রাজি হয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড।
“বিসিবি ট্রেনিং অ্যান্ড রিকভারি সেন্টার নিয়ে আমরা একটা বিনিয়োগ করেছি। গত তিন-চার মাস একটা স্পন্সরশিপ পাওয়ার ব্যাপারে কাজ করছিলাম। খুব গর্বের সঙ্গে বলতে পারি যে, প্রাইম ব্যাংক পাঁচ বছরের জন্য এই স্পন্সরশিপ নিয়ে নিয়েছে। বেশ বড় একটা অঙ্কের টাকার বিনিময়ে।
“স্পন্সরের টাকায় আমাদের বিনিয়োগের প্রায় ৬০-৭০ শতাংশ ফেরত পেয়ে যাব। টাকার অঙ্কটা ঠিকঠাক আপনাদেরকে বলতে পারব না। কারণ স্পন্সররা চান না যে আমরা বলি। আমাদের সেটার প্রতি সম্মান দেখাতে হবে।”
সব মিলিয়ে আগামী দেড় মাস সময়ের মধ্যে বিসিবি ট্রেনিং এন্ড রিকভারি সেন্টার প্রস্তুত করে ফেলার আশা তামিমের।
“আমাদের এই সুবিধাগুলো আশা করি এক থেকে দেড় মাসের মধ্যে পুরোপুরি তৈরি হয়ে যাবে। যখন এটা তৈরি হয়ে যাবে, তখন আপনারা দেখতে পারবেন যে উনারাও (প্রাইম ব্যাংক) এর অংশ। আমি মনে করি, বর্তমান পরিস্থিতি ও বাজার বিবেচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা বড় অর্জন।”
