রান্নার তেল ব্যবহারের ভুলে স্বাস্থ্যের ক্ষতি
রান্না সুস্বাদু করতে বেশি তেল ব্যবহার করা স্বাস্থ্যের জন্যে ভালো নয়।
রান্নার তেল ও চর্বি প্রতিদিনের খাবারের গুরুত্বপূর্ণ উপাদান। খাবারের স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণের সঙ্গে এর সম্পর্ক রয়েছে।
শরীরের শক্তি উৎপাদন, হরমোন তৈরি এবং বিভিন্ন ভিটামিন শোষণেও তেলের ভূমিকা আছে।
তবে রান্নার তেল ও চর্বি ব্যবহারের সময় কিছু ভুল অভ্যাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
বিশেষ করে অতিরিক্ত তাপে তেল গরম করা, ভুল পাত্রে সংরক্ষণ এবং দীর্ঘদিন ব্যবহার করা থেকে নানান সমস্যা দেখা দিতে পারে।
অতিরিক্ত তাপে তেল গরম করা
অনেকে মনে করেন, তেল বা চর্বি যত বেশি গরম করা হবে, রান্না তত ভালো হবে। কেউ কেউ ধোঁয়া ওঠা পর্যন্ত তেল গরম করেন। এটি ঠিক নয়।
তেল অতিরিক্ত গরম হলে, এর রাসায়নিক গঠনে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে তেলের ধরন অনুযায়ী নির্দিষ্ট তাপমাত্রার পর তা ভেঙে ক্ষতিকর পদার্থ তৈরি করতে পারে।
বারবার অতিরিক্ত গরম করা তেল ব্যবহার করলে ঝুঁকি আরও বাড়ে। তাই রান্নার সময় মাঝারি তাপ ব্যবহার করা ভালো।
তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করলে চুলার তাপ কমিয়ে দিতে হবে। তেল পোড়া গন্ধযুক্ত হয়ে গেলে, ব্যবহার না করাই ভালো।
গরম তেল প্লাস্টিকের পাত্রে রাখা
রান্নার পর অনেকেই গরম তেল সরাসরি প্লাস্টিকের বোতল বা পাত্রে ঢেলে রাখেন। এটি নিরাপদ অভ্যাস নয়।
উচ্চ তাপমাত্রায় সাধারণ প্লাস্টিকের কিছু উপাদান তেলের সঙ্গে মিশে যেতে পারে। এতে খাবারের নিরাপত্তা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
তাই তেল কিছুটা ঠান্ডা হওয়ার পর পরিষ্কার ও শুকনো কাচ, স্টেইনলেস স্টিল বা খাদ্য সংরক্ষণের উপযোগী পাত্রে রাখতে হবে। পাত্রের মুখ ভালোভাবে বন্ধ রাখাও জরুরি।
আলো-বাতাস ও তাপের সংস্পর্শে রাখা
তেল দীর্ঘ সময় আলো, বাতাস ও বেশি তাপের সংস্পর্শে থাকলে জারণ প্রক্রিয়া শুরু হয়। এতে তেলের গুণগত মান কমে যায়। তেলের স্বাদ ও গন্ধ পরিবর্তিত হতে পারে। একপর্যায়ে তেল নষ্টও হয়ে যেতে পারে।
তাই রান্নার তেল সরাসরি সূর্যের আলো পড়ে এমন জায়গায় রাখা উচিত নয়। চুলার পাশে বা গরম স্থানে তেল সংরক্ষণ না করে ঠান্ডা ও শুকনো জায়গায় রাখতে হবে।
ব্যবহারের পর বোতলের মুখ ভালোভাবে বন্ধ করতে হবে।
দীর্ঘদিনের জন্য অতিরিক্ত তেল মজুত করা
অনেকে একসঙ্গে অনেক তেল কিনে দীর্ঘদিন ব্যবহার করেন। তবে সঠিকভাবে সংরক্ষণ না করলে সময়ের সঙ্গে তেলের গুণগত মান নষ্ট হতে পারে।
বিশেষ করে বোতলের মুখ খোলা থাকলে বাতাসের সংস্পর্শে এসে তেল দ্রুত জারিত হয়। তাই প্রয়োজন অনুযায়ী তেল কিনে ব্যবহার করা ভালো।
বোতলের গায়ে উল্লেখ করা মেয়াদ ও সংরক্ষণের নির্দেশনা মেনে চলতে হবে। তেলের রং, গন্ধ বা স্বাদ অস্বাভাবিক মনে হলে, ব্যবহার করা উচিত নয়।
ভাজার পর তেলের অবশিষ্টাংশ পরিষ্কার না করা
মাছ, মাংস বা অন্যান্য খাবার ভাজার পর তেলে ছোট ছোট খাবারের কণা থেকে যায়। এগুলো পরবর্তী সময়ে আবার গরম হলে পুড়ে তেলের গুণগত মান দ্রুত নষ্ট করতে পারে।
তাই ব্যবহৃত তেল পুনরায় রাখার প্রয়োজন হলে ঠান্ডা করে পরিষ্কার ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে।
প্রয়োজনের তুলনায় বেশি তেল ব্যবহার করা
অনেকে রান্নায় প্রয়োজনের চেয়ে বেশি তেল ব্যবহার করেন। এতে খাবারের ক্যালরি ও চর্বির পরিমাণ বেড়ে যায়।
দীর্ঘদিন অতিরিক্ত তেল ও ভাজাপোড়া খাবার খাওয়ার অভ্যাস ওজন বৃদ্ধি এবং হৃদ্স্বাস্থ্যের ঝুঁকি বাড়াতে পারে। তাই রান্নায় পরিমিত তেল ব্যবহার করা উচিত।
নষ্ট হয়ে যাওয়া তেল ব্যবহার করা
তেলের রং অতিরিক্ত গাঢ় হয়ে গেলে, দুর্গন্ধ তৈরি হলে, অস্বাভাবিক ফেনা দেখা দিলে বা স্বাভাবিক তাপমাত্রাতেই ধোঁয়া উঠলে, ব্যবহার করা উচিত নয়।
এসব লক্ষণ তেলের গুণগত মান নষ্ট হওয়ার ইঙ্গিত দেয়। এমন তেল ফেলে দিতে হবে।
মনে রাখতে হবে রান্নার তেল শরীরের জন্য প্রয়োজনীয় হলেও ভুল ব্যবহার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। তাই পরিমিত তেল ব্যবহার, সঠিক তাপমাত্রায় রান্না এবং নিরাপদভাবে সংরক্ষণের অভ্যাস গড়ে তুলতে হবে।
বিশেষ করে একই তেল বারবার গরম করে ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত।
লেখক: পুষ্টিবিদ লিনা আকতার। রাইয়ান হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, দিনাজপুর।
