১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ঘর পরিষ্কার রাখার পরও পোকামাকড়? দায়ী হতে পারে এই গোপন গন্ধগুলো

কিছু গন্ধ নাকে লাগে না তবে পোকা, মাছি বা ইঁদুর ঠিকই আকৃষ্ট হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 04:56 PM

Updated : 14 Nov 2026, 04:56 PM

ঘরের ময়লার ঝুড়ি উপচে পড়া বা মেঝেতে পানীয় পড়ে থাকার মতো দৃশ্যমান কারণগুলো পোকামাকড় আকর্ষণ করে, তা সবারই জানা।

তবে নিয়মিত ঘর পরিষ্কার রাখার পরও অনেক সময় তেলাপোকা, মাছি, পিঁপড়া বা ইঁদুরের উপদ্রব কমতে চায় না।

কীটপতঙ্গ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের মতে, এর পেছনে দায়ী হতে পারে ঘরের ভেতর লুকিয়ে থাকা এমন কিছু অদৃশ্য গন্ধ, যেগুলো মানুষের নাকে তেমন একটা ধরা না পড়লেও পোকামাকড়কে চুম্বকের মতো আকর্ষণ করে।

জীবনধারা ও গৃহস্থালি-বিষয়ক ওয়েবসাইট ‘রিয়েলসিম্পল’-এ প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে মার্কিন কীটপতঙ্গ নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা বিশেষজ্ঞরা ঘরের এমন ৭টি গোপন গন্ধ ও সেসব দূর করার উপায় তুলে ধরেছেন।

পোষা প্রাণীর খাবার

যুক্তরাষ্ট্রের কীটপতঙ্গ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান ‘ক্যাচমাস্টার’-এর সহ-সভাপতি এড ডলশান বলেন, “পোষা প্রাণীর শুকনো খাবারের গন্ধ তেলাপোকা, মথ এবং ইঁদুরকে প্রবলভাবে আকর্ষণ করে। তাই খোলা প্যাকেট বা বাটিতে খাবার ফেলে না রেখে বাজার থেকে আনার পরপরই তা বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা উচিত।”

পাশাপাশি পোষা প্রাণীর খাবারের বাটি প্রতিদিন ধুয়ে পরিষ্কার রাখা জরুরি।

ময়লা ফেলার ঝুড়ি

যুক্তরাষ্ট্রের গৃহস্থালী সামগ্রীর প্রতিষ্ঠান ‘পাবলিক গুডস’-এর সহ-প্রতিষ্ঠাতা মাইকেল ফেরচাক বলেন, “পানীয়ের ক্যান, জ্যাম-জেলির বয়াম বা বোতল না ধুয়ে ঝুড়িতে জমিয়ে রাখলে সেগুলোর অবশিষ্টাংশ থেকে মিষ্টি ও টক গন্ধ ছড়ায়। এই গন্ধ দূর করতে সপ্তাহে অন্তত একবার ঝুড়িটি ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং গন্ধ নিরোধক স্প্রে ব্যবহার করা যেতে পারে।”

ড্রেন ও পয়ঃনিষ্কাশন পাইপের দুর্গন্ধ

মার্কিন প্রতিষ্ঠান ‘প্রডিজি সিউয়ার অ্যান্ড ড্রেন’-এর প্রতিষ্ঠাতা মার্ক এলেফসন সতর্ক করে বলেন, “রান্নাঘরের সিংক বা বাথরুমের ড্রেনে তেল, খাবারের কণা ও ব্যাকটেরিয়া জমে একটি পিচ্ছিল স্তর তৈরি করে, যা ড্রেন মাছি ও তেলাপোকাকে আকর্ষণ করে।”

এছাড়া দীর্ঘদিন অব্যবহৃত বাথরুমের পাইপের পানি শুকিয়ে গেলে পচা ডিমের মতো গ্যাস ওপরে উঠে আসে, যা পোকামাকড়ের প্রবেশপথ হয়ে দাঁড়ায়।

এটি রোধে এনজাইম ক্লিনার ব্যবহার করা এবং অব্যবহৃত ড্রেনে মাসে একবার পর্যাপ্ত পানি ঢালা উচিত।

মিষ্টি সুগন্ধি, লোশন ও মোমবাতি

যুক্তরাষ্ট্রের ‘অল-সেফ পেস্ট অ্যান্ড টার্মাইট’-এর স্বত্বাধিকারী জেফ শুমাখার বলেন, “ফুল বা ফলের মিষ্টি গন্ধযুক্ত পারফিউম, লোশন এবং সুগন্ধি মোমবাতির ঘ্রাণ পাকা ফল বা মধুর মতো মনে হওয়ায় মৌমাছি ও ভিমরুলকে ঘরের ভেতর ডেকে আনে।”

তাই বাইরে যাওয়ার সময় অতিরিক্ত মিষ্টি সুগন্ধি এড়িয়ে চলা এবং আসবাব বা পোশাকে লেগে থাকা লোশন পরিষ্কার রাখা ভালো।

রান্নাঘরের চুলায় জমে থাকা তেল-চর্বি

মার্কিন প্রতিষ্ঠান ‘বেড বাগ এক্সটার্মিনেটর’-এর অ্যালান বোসেল মন্তব্য করেন, “রান্নার সময় তেলের সূক্ষ্ম কণা চুলার চারপাশে ও চিপাচাপায় ধীরে ধীরে জমে থাকে, যা অনেক সময় চোখে পড়ে না। দীর্ঘদিন এই তেল-চর্বি জমে থাকলে তা তেলাপোকা, মাছি, পিঁপড়া ও ইঁদুরকে আকর্ষণ করে।”

তাই প্রতিবার রান্নার পর চুলা এবং আশপাশের অংশ ভালোভাবে মুছে পরিষ্কার রাখা আবশ্যক।

অতিরিক্ত পাকা ফল

কলা, টমেটো বা অন্যান্য ফল পাকতে শুরু করলে, সেসব থেকে এক ধরনের গন্ধ বের হয়, যা ছোট মাছি, পিঁপড়া এবং ইঁদুরকে আকর্ষণ করে।

এড ডলশানের পরামর্শ অনুযায়ী, “পাকা ফল খোলা না রেখে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করতে হবে বা ফ্রিজে রাখতে হবে।”

এছাড়া বাজার থেকে ফল আনার পরপরই ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত, কারণ ফলের গায়ে পোকামাকড়ের সূক্ষ্ম ডিম লেগে থাকতে পারে।

স্যাঁতসেঁতে কিচেন স্পঞ্জ ও মাজনি

মাইকেল ফেরচাকের মতে, “থালাবাসন ধোয়ার স্পঞ্জ ভেজা অবস্থায় পড়ে থাকলে, এর ভেতরে খাবারের কণা আটকে ব্যাকটেরিয়া জন্মায় এবং এক ধরনের গন্ধ তৈরি হয়, যা পোকামাকড়কে আকর্ষণ করে।”

তাই কয়েক দিন পর পর স্পঞ্জটি গরম পানিতে ভালোভাবে ধুয়ে জীবাণুমুক্ত করা এবং ব্যবহারের পর শুকনো জায়গায় রাখা উচিত।

পুরনো খবর:

ঘরে ছারপোকার হানা? রয়েছে চেনার উপায় আর তাড়ানোর কার্যকর কৌশল
ছারপোকার কামড়ে ঘরোয়া প্রতিষেধক
যে কারণে বাড়ে বাসা-বাড়িতে পোকার উপদ্রপ
মশার আক্রমণ থেকে বাঁচার প্রাকৃতিক পন্থা