১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

‘সংসদ সদস্যদের বক্তব্য শুনতে মন্ত্রীরা নেই’, সংসদে ক্ষোভ বিরোধীদলীয় নেতার

সংসদ সদস্যরা এলাকার ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলেও সংশ্লিষ্ট মন্ত্রীদের অনেকে উপস্থিত থাকছেন না বলে অভিযোগ করেছেন শফিকুর রহমান।

‘সংসদ সদস্যদের বক্তব্য শুনতে মন্ত্রীরা নেই’, সংসদে ক্ষোভ বিরোধীদলীয় নেতার

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 12:27 AM

Updated : 12 Nov 2026, 12:27 AM

জাতীয় সংসদে অধিবেশন চলাকালে জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের বক্তব্যের সময় সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

বুধবার সংসদে সদস্যদের বক্তব্য চলার সময় তিনি এ বিষয়ে ডেপুটি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।

বিরোধীদলীয় নেতা বলেন, “দুঃখজনক আমাদের সদস্যরা তাদের এলাকার এবং জাতীয় বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছেন। সংশ্লিষ্ট মন্ত্রীও নাই, প্রতিমন্ত্রীও নাই। আবার যারা আছেন তারা অন্য কাজে ব্যস্ত। এদিকে শোনার দিকে মনোযোগ নাই। তাহলে এটা কিভাবে দৃষ্টি আকর্ষণ হল আমি বুঝতে পারছি না।”

জবাবে অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, সংসদের পক্ষ থেকেও বারবার মন্ত্রীদের এ বিষয়ে মনোযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, “এই বিষয়টা আমরা আমাদের এই চেয়ার থেকেও বারংবার বলেছি।”

মন্ত্রীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, “মাননীয় সংসদ সদস্যরা ট্রেজারের বেঞ্চেরই হোক আর অপোজিশনেরই হোক। এলাকার কথা জাতীয় স্বার্থের কথা যখন বলেন, দয়া করে আমি আগেও বলেছিলাম নোট নিতে। তো আশা করছি আপনারা একটু সদয় হবেন এই ব্যাপারে।”

এ সময় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বিরোধীদলীয় নেতার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, মন্ত্রীদের সংসদে উপস্থিত থাকা উচিত।