পোশাক খাতের সংকট নিয়ে সংসদে আলোচনা না হওয়ায় বিরোধীদলীয় নেতার ক্ষোভ
চলতি অধিবেশনের মধ্যেই বিষয়টি আলোচনায় আনার দাবি তুলেছেন শফিকুর রহমান।
তৈরি পোশাক খাতের অস্থিরতা নিয়ে জাতীয় সংসদে আলোচনা বারবার পিছিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
চলতি অধিবেশনের মধ্যেই বিষয়টি আলোচনায় আনার দাবি তুলেছেন তিনি।
সোমবার জাতীয় সংসদে এ দাবি জানান বিরোধীদলীয় নেতা। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, “তৈরি পোশাক শিল্পে অস্থিরতা চলছে। এই খাত ক্ষতিগ্রস্ত হলে পুরো অর্থনীতিতে তার প্রভাব পড়বে। বিষয়টি নিয়ে কার্যপ্রণালি বিধির ১৪৭ অনুযায়ী সংসদ সদস্য নাজিবুর রহমান একটি নোটিশ দিয়েছিলেন।
“গত বুধবার বা বৃহস্পতিবার বিষয়টি কার্যসূচিতে ছিল। কিন্তু সময়ের অভাবে আলোচনা হয়নি। পরে সরকারি ও বিরোধী দলের আলোচনার ভিত্তিতে রোববারের কার্যসূচিতে রাখা হয়। সেদিনও আলোচনা হওয়ার আগেই অধিবেশন মুলতবি হয়ে যায়। সোমবারের কার্যসূচিতেও বিষয়টি রাখা হয়নি।”
ডেপুটি স্পিকারের কাছে বিষয়টি চলতি অধিবেশনে আবার আলোচনায় আসবে কি না জানতে চান বিরোধীদলীয় নেতা। জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, “বিষয়টা আপনি সঠিক বলেছেন। বুধবারে আলোচনা হয়েছিল এবং আলোচনার প্রেক্ষিতে সরকারি দলের চিফ এবং আপনাদের আলোচনার প্রেক্ষিতে রোববারে ফিক্স করা হয়েছিল।”
তিনি জানান, রোববার স্পিকার অধিবেশন মুলতবি করায় বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। স্পিকারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জানানো যাবে। সোমবারের কার্যসূচিতে বিষয়টি না থাকায় সেদিন আলোচনার সুযোগ নেই।
এরপর আবার বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, “কিন্তু জাতীয় স্বার্থে আমরা মনে করি, এই নোটিসটা আলোচনা হওয়া দরকার। এটা কোনো দলের নয়। এটা জাতীয় শিল্প, আমাদের বাঁচাতেই হবে।”
চলতি অধিবেশনে বিরোধী দলের দেওয়া নোটিশগুলোর একটিও আলোচনার জন্য গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
