নাৎসিদের মতো আওয়ামী লীগও আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
“ফ্যাসিস্ট নেত্রী তার নেতাদের নির্দেশ দিচ্ছেন জুলাই আন্দোলনকারীদের লিস্ট করতে, তাদের ঘরবাড়ি ভেঙে দিতে,” বলেন তিনি।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আর কখনো দেশে ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, “সীমান্তের ওপার থেকে বারবার অডিও কলে ফ্যাসিস্ট নেত্রী তার নেতাদের নির্দেশ দিচ্ছেন জুলাই আন্দোলনকারীদের লিস্ট করতে, তাদের ঘরবাড়ি ভেঙে দিতে। হুমকিও দিচ্ছেন, শীঘ্রই নাকি জুলাই যোদ্ধাদের চরম শিক্ষা দেওয়া হবে।”
“কিন্তু সেই সুযোগ হয়ত মহান রব্বুল আলামিন তাকে আর কখনোই দেবে না। কেননা তারা যেভাবে পুরো একটি দল পালিয়ে গেছে, বিশ্বের ইতিহাসে কেবল হিটলারের নাজি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার সঙ্গে এর উদাহরণ দেওয়া যায়, মিলে যায়। নাজিরা যেমন জার্মানিতে ফিরতে পারেনি, রাজনীতি করতে পারেনি, তেমনি গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না মাননীয় স্পিকার।”
বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধি অনুযায়ী দেওয়া বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
আগের দিন বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তার জবাবে সংসদে এ বিবৃতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাম্প্রতিক অগ্নিসংযোগ ও নাশকতার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন সালাহউদ্দিন আহমদ। বিরোধীদলীয় নেতা ‘সীমান্তের ওপার থেকে উসকানি’ দেওয়ার যে অভিযোগ তুলেছিলেন, তার সঙ্গে একমত পোষণ করেন তিনি।
দেশে অস্থিরতার চেষ্টা প্রতিহত করতে সরকারি দল, বিরোধী দল এবং সংসদের বাইরের রাজনৈতিক দলগুলোর ঐক্যের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, তা ধরে রাখা প্রয়োজন। দেশে আর কোনো ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শক্তি যাতে মাথাচাড়া দিতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
