১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সাধারণ মানুষ যাতে হতাহত না হন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছে, বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 11:13 PM

Updated : 17 Nov 2026, 11:18 PM

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগের জন্য আওয়ামী লীগকে দায়ী করে তিনি বলেছেন, এসব ঘটনায় জড়িতদের অডিও-ভিডিও ও ছবি দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সাধারণ মানুষ যাতে হতাহত না হন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছে, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে তৈরি পোশাক খাতের সংকট নিয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় অধিবেশন পরিচালনা করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

এদিন সন্ধ্যার পর পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে। মাইকিং করে লোক জড়ো করার এক পর্যায়ে তারা থানা চত্বরে থাকা কয়েকটি গাড়িতে ও ভবনে আগুন ধরিয়ে দেয়।

এরপর রাত ৯টার দিকে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানির পৈতৃক বাড়িতে আগুন লাগার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।

আওয়ামী লীগ ও দলটির ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা এ আগুন দিয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ।

সংসদের সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে সরকারের পদক্ষেপ জানতে চান।

আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়ার কথাও বলেছেন জামায়াতে ইসলামীর আমির।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আজকে পতিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, তথাকথিত আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে। তারা ওখানে গিয়ে কেবল থানায় হামলা করতে পারে।”

আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একজন সংসদ সদস্যের বাড়ি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের সমর্থকদের দোকানপাটে হামলার অভিযোগও করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, “এই দেশে হুমকি-ধমকি দিয়ে আগুন লাগিয়ে, একটা টুঙ্গিপাড়া থানায় আগুন লাগিয়ে যদি আওয়ামী শক্তি মনে করে তাদের শক্তি প্রদর্শিত হল, তাহলে আমরা প্রমাণ করে দেব, এই বাংলাদেশে আওয়ামী লীগ ওই টুঙ্গিপাড়া থানা লিমিটেড হয়ে যাবে।”

সীমান্তের ওপার থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে অগ্নিসংযোগের নির্দেশনা দিচ্ছেন বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “আমি আহ্বান জানাচ্ছি গোপালগঞ্জের সাধারণ মানুষ, আপনারা আমাদের গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকুন। আপনারা কিছু সংখ্যক দুষ্কৃতিকারী, সীমান্তের ওপার থেকে যারা উসকানি দিচ্ছে, তাদের এ সমস্ত পাতা ফাঁদে পা দেবেন না।”

‘প্রয়োজনীয় বলপ্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে’

টুঙ্গিপাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, থানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২০০ সদস্য রয়েছেন। সেখানে দুজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন পুলিশ সুপার ও একজন ওসি রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর আরও সদস্য চার থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থান করছেন।

তিনি বলেন, “আমরা যদি হুকুম দিতাম এখানে এই বৈঠক থেকে বসে, তারা অনেক মানুষকে হতাহত করত। আমরা সেটা চাই না।”

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলার আহ্বান জানানো হয়েছে অভিযোগ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এসব ঘটনার অডিও-ভিডিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে রয়েছে।

তিনি বলেন, “আজ হোক কাল হোক, ভিডিও ফুটেজ দেখে, অডিও দেখে শনাক্ত করে, ফটো দেখে যারা থানায় হামলা করেছে, যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গায়ে হাত দিয়েছে অথবা আক্রমণ করেছে, যারা গাড়ি জ্বালিয়েছে, বিনা কারণে রাজপথে মানুষকে কষ্ট দিয়েছে, আন্দোলনের নামে যারা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের প্রত্যেককে আইনের হেফাজতে নেওয়া হবে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আত্মরক্ষায় প্রয়োজনীয় বলপ্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের রাইট অব প্রাইভেট ডিফেন্স, আত্মরক্ষার স্বার্থে প্রয়োজনীয় বলপ্রয়োগ করবে এবং অতিরিক্ত বলপ্রয়োগ করবে না।”

আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে মানুষ হতাহত করার পক্ষে সরকার নয়, এ কথা তুলে ধরে তিনি বলেন, “প্রয়োজনে ১০ জন অপরাধীর প্রতি আমরা কিছুদিন ধৈর্য পোষণ করব, কিন্তু একজন নিরীহ লোককে যাতে গুলিতে না...আমরা যেন কোনো অবস্থায় তাদের মতো, ফ্যাসিবাদী শক্তির মতো কোনো মিছিল-মিটিংয়ে গুলি না করি।”

‘সীমান্তের ওপার থেকে উসকানি’

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের পেছনেও সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়ার অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য বোর্ড গঠন করা হয়েছে। মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে সরকারের একাধিকবার আলোচনা হয়েছে। মজুরি বোর্ডের কাজ শেষ করার সময়সীমাও এখনও পার হয়নি।

এর মধ্যেই একটি পক্ষ শ্রমিকদের আন্দোলনকে কাজে লাগিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, “এই শ্রমিকদের অসন্তোষটা কোনো কারণ ছাড়া একটি পক্ষ সীমান্তের বাইরে থেকে উসকে দিয়ে আমাদের নিরীহ শ্রমিক ভাইদের এই মজুরি বোর্ড গঠনের ইস্যুটাকে সামনে নিয়ে এসেছে।”

উত্তরখান ও দক্ষিণখান এলাকায় শ্রমিকদের বিমানবন্দর সড়ক অবরোধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনাও হয়েছে।

তার অভিযোগ, শ্রমিকদের আন্দোলনকে কাজে লাগিয়ে কিছু ব্যক্তি অন্য শিল্পকারখানায়ও হামলা করছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “ইচ্ছাকৃতভাবে শ্রমিক ভাইদের এই দাবিটাকে পুঁজি করে কিছু, আমি বলব তারা শ্রমিকের মধ্যে মিশে গিয়েছে, কিছু শ্রমিক নামধারী তারা এই অসন্তোষটাকে জিইয়ে রাখতে চায়।”

মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে সরকারের দফায় দফায় আলোচনা হয়েছে তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উভয়পক্ষ মজুরি বোর্ডের মাধ্যমে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে একমত হয়েছে।

মজুরি বাড়াতে মালিকদের অনুরোধ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে পাঁচ বছর পরপর ন্যূনতম মজুরি নির্ধারণের নিয়ম থাকলেও তা তিন বছরে নামানো হয়েছে। আগামী ডিসেম্বরে সেই তিন বছরের মেয়াদ পূর্ণ হবে। নতুন মজুরি বোর্ডে ছয়জন সদস্য রয়েছেন। মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাব পর্যালোচনা করে তারা নতুন মজুরি নির্ধারণ করবেন।

তিনি বলেন, “আমরা মালিকপক্ষকে অনুরোধ করেছি, আপনারা এমন একটা মজুরি প্রস্তাব করবেন যাতে মেহনতি শ্রমিকের জীবন নির্বাহের জন্য কোনো কষ্ট না পেতে হয়।”

মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে মজুরি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে, বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের কষ্ট কমাতে প্রধানমন্ত্রী শিল্পাঞ্চলে ৩০ টাকা দরে চাল বিতরণের নির্দেশ দিয়েছেন। এ কার্যক্রম চলছে। এছাড়া ছয়টি শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। এসব হাসপাতালের প্রকল্প তৈরির কাজ চলছে।

বিদেশে হামলার অভিযোগ

বিদেশ সফররত বিরোধীদলীয় চিফ হুইপের ওপর আওয়ামী লীগের সমর্থকদের হামলার চেষ্টার কথা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদেশে আওয়ামী লীগের সমর্থকদের দুর্ব্যবহারের কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

এসব ঘটনায় যথাযথ ব্যবস্থা নিতে দূতাবাস ও সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগের কথা জানান তিনি।

আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।