সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
“আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।”
কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের ‘কথিত লকডাউনকে’ কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো ধরনের পরিকল্পনা ‘সরকারের নেই’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলো সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।”
রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলনকক্ষে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি।
ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ‘রুটিন ওয়ার্কের’ অংশ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, “এই জাতীয় যে কোনো ধরনের পরিস্থিতিতে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক থাকে।”
সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা সরকারের আছে কী না জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “কোনো পরিকল্পনা নাই। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’’
এদিকে শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার কাছে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। তিনি আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে। এছাড়া এর আগে ভোরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান আরও একজন, নিহত ব্যক্তি যুবলীগের কর্মী।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘জাজিরা এলাকায় স্থানীয়দের মধ্যে অন্তর্দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, যাতে দুজনের প্রাণহানি ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’’
এদিন সচিবালয়ে 'কক্সবাজারের পর্যটন খাতসহ কক্সবাজার জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা' সংক্রান্ত সভার সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সেখানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু।
পর্যটন খাত উন্নয়নে কক্সবাজার ঘিরে সমন্মিত পরিকল্পনার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) অধীনে 'ট্যুরিজম মাস্টারপ্ল্যান' চূড়ান্ত করে জমা দেওয়া হবে।
এজন্য সমুদ্র তট থেকে ৩০০ মিটারের মধ্যে অবকাঠামো নিমার্ণ সংক্রান্ত চলমান নিষেধাজ্ঞা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, উখিয়া, রামু ও টেকনাফসহ সমগ্র উপকূলীয় এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা করে কীভাবে টেকসই পর্যটন শিল্পের বিকাশ ঘটানো যায়, সে বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।
আগে জরিপ ছাড়াই কিছু এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয় জানিয়ে তিনি বলেন, পরিবেশ আইনের সংশোধন এনে ও উচ্চ আদালতের রায়ের নির্দেশনার সাথে সামঞ্জস্য রেখে পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, জেলা প্রশাসকের অধীনে নতুন করে তথ্য সংগ্রহ করে সীমানা ঠিক করা হবে। সমুদ্র তীর থেকে পৌর এলাকায় ৩০০ মিটার ও পৌর এলাকার বাইরে ৫০০ মিটার পর্যন্ত কোনো স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা রয়েছে।
