২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে কার্ড ছাড়াই পিৎজা অর্ডার করল এআই

ওই অর্ডারে নয়টি মিনি মার্গারিটা পিৎজা ছিল। এ প্রযুক্তি মানুষের কেনাকাটার অভ্যাসকে বদলে দিতে পারে।

যুক্তরাজ্যে কার্ড ছাড়াই পিৎজা অর্ডার করল এআই

পাপা জোন্সের এআই এজেন্টের মাধ্যমে কেনাকাটার এই লেনদেন সম্পন্ন হয়। ছবি: এআই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 04:08 PM

Updated : 29 Nov 2026, 04:08 PM

যুক্তরাজ্যে প্রথমবারের মতো কার্ড ছাড়া প্রযুক্তির মাধ্যমে এক এআই এজেন্ট পিৎজা অর্ডার ও এর দাম পরিশোধ করেছে।

‘ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি’ বা এফসিএ তত্ত্বাবধানে এই প্রযুক্তি যাচাইয়ের পরীক্ষামূলক কার্যক্রম চলছে। এতে কার্যক্রমের আওতায় এজেন্টটি ‘পাপা জোন্স’-এ পিৎজা অর্ডার করেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

এ পরীক্ষায় ‘লয়েডস ব্যাংক’ ও পেমেন্ট বিশেষজ্ঞ কোম্পানি ‘ট্রু লেয়ার’ ছিল। কার্ড ব্যবহার ছাড়াই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে সরাসরি অর্থ লেনদেনের সুযোগ দিয়েছে লন্ডনভিত্তিক কোম্পানি ট্রু লেয়ার।

কোম্পানিটির দাবি, কোনো গ্রাহকের করা অর্ডারের বিপরীতে যুক্তরাজ্যের কোনো খুচরা বিক্রেতাকে অর্থ পরিশোধের ক্ষেত্রে এর আগে কখনো এআই এজেন্ট ব্যবহার করা হয়নি।

পাপা জোন্সের এআই এজেন্টের মাধ্যমে কেনাকাটার এই লেনদেন সম্পন্ন হয়। সংশ্লিষ্ট দলের ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ ও বিক্রেতার অ্যাকাউন্টে অর্থ পরিশোধের অনুরোধ করার অনুমতি ওই এজেন্টের ছিল।

লয়েডস ব্যাংকের সঙ্গে নির্ধারিত কঠোর নির্দেশনার আওতায় এজেন্টটির কার্যক্রমের সীমা নির্ধারণ করা হয়েছিল।

ট্রু লেয়ার বলেছে, এতে প্রতি লেনদেন ও মাসিক সর্বোচ্চ ব্যয়ের সীমা নির্ধারিত ছিল এবং অ্যাকাউন্টের কোনো নিরাপত্তা তথ্য বিনিময় করা হয়নি।

ট্রু লেয়ারের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা ফ্রান্সেসকো সাইমোনেশ বলেছেন, “কোনো অ্যাকাউন্ট নম্বর ও পাসওয়ার্ড ছাড়াই সর্বোচ্চ সম্ভাব্য নিরাপত্তা কাঠামোর মধ্যে আমরা পাপা জোন্সের সঙ্গে লেনদেন সম্পন্ন করেছি।

“আমরা এআই এজেন্টের সঙ্গে কথা বলেছি, উপলক্ষ্য ও খাদ্যাভ্যাসগত চাহিদার বিষয়টি জানিয়েছি। স্বাভাবিকভাবেই এজেন্টটি বিভিন্ন ফ্লেভার ও পরিমাণের পরামর্শ দিয়েছে।

“আমরা অর্ডারটি নিশ্চিত করেছি ও পরে পিৎজা পৌঁছে গেছে।”

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ওই অর্ডারে নয়টি মিনি মার্গারিটা পিৎজা ছিল।

সাইমোনেশি বলেছেন, এই প্রযুক্তি মানুষের কেনাকাটার অভ্যাসকে মৌলিকভাবে বদলে দেবে।

‘টুডে’ প্রোগ্রামে তিনি বলেছেন, কেনাকাটার ক্ষেত্রে গ্রাহকরা কীভাবে এআই এজেন্ট ব্যবহার করবেন সে বিষয়ে তাদের সচেতন সিদ্ধান্ত নিতে হবে।

“পার্সোনাল বিভিন্ন এজেন্ট আমাদের কেনাকাটার ধরন বদলে দিচ্ছে ও ২০০০ সালে ই-কমার্স যে পরিবর্তন এনেছিল এজেন্টিক কমার্স তার চেয়েও বড় পরিবর্তন আনবে।

“গ্রাহকরা তাদের এজেন্টের মাধ্যমে কেনাকাটার জন্য নিরাপদ ও সহজ উপায় চান। এদিকে, বিক্রেতারা খরচ ও ঝুঁকি কমিয়ে গ্রাহক অভিজ্ঞতার ওপর নিয়ন্ত্রণ রাখতে চান।

“আর মানুষ অভ্যাসের বশে যে পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে, এজেন্ট তা বেছে নেবে না, বরং সবচেয়ে দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী পেমেন্ট মাধ্যমটিই বেছে নেবে।

“আজ এটা পিৎজার ক্ষেত্রে ঘটল, আগামীকাল অন্য সবকিছুর ক্ষেত্রেই ঘটবে।”