তথ্যের অধিকার নিশ্চিতে তরুণদের ‘অ্যাম্বাসেডর’ হওয়ার আহ্বান জাহেদের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলা ও আলোচনা সভায় এ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য উপদেষ্টা।
তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে তরুণ শিক্ষার্থীদের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান।
রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলা ও আলোচনা সভায় এ আহ্বান জানিয়েছেন তিনি।
এদিন বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ আয়োজন করা হয়।
জাহেদ উর রহমান বলেন, “টেকসই গণতান্ত্রিক ব্যবস্থায় অবাধ তথ্যপ্রবাহ ও নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
“স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের পর কেবল রাজপথের ব্লকেড বা সহিংসতার ওপর নির্ভর না করে, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার চর্চা গড়ে তুলতে হবে।”
প্রতিটি নাগরিকের তথ্য পাওয়ার অধিকার রয়েছে জানিয়ে তিনি বলেন, একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার সংবেদনশীল ক্ষেত্র ছাড়া তথ্যের পথ রুদ্ধ রাখে না।
সাধারণ মানুষের কাছে তথ্য অধিকার আইনের ব্যবহার পৌঁছে দিতে এবং অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে তরুণ শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান উপদেষ্টা।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল ইসলাম বলেন, তথ্যের অধিকার নিশ্চিত না হলে মানুষের প্রকৃত ক্ষমতায়ন ও গণতন্ত্র টিকে থাকতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য পাওয়ার যৌক্তিক অধিকার রক্ষায় পূর্ণ অঙ্গীকারবদ্ধ।
নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার নির্দিষ্ট বিষয় ছাড়া বিশ্ববিদ্যালয়ের হিসাব-নিকাশ, পরীক্ষা এবং কর্মকর্তা-কর্মচারী সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত ও স্বচ্ছ বলে জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানে তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন ইসলাম খান এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। আলোচক হিসেবে তথ্য কমিশনার মাহফুজুর রহমান এবং মোহাম্মদ আবুল হোসেন উপস্থিত ছিলেন।
