১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্যের অখণ্ডতা সম্মেলন: গণতান্ত্রিক সরকারে স্বাধীন তথ্য কমিশনের আশা

“সব দেশে তথ্য ও মানবাধিকার কমিশন হল সবচেয়ে শক্তিশালী, কিন্তু বাংলাদেশে এ দুটি কমিশন সবচেয়ে দুর্বল,” বলেন নাহরিন ইসলাম খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 12:34 AM

Updated : 16 Nov 2026, 12:34 AM

বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় তথ্য কমিশন ও মানবাধিকার কমিশনের মতো সংস্থাগুলো আগের চেয়ে স্বাধীনভাবে কাজ করতে পারবে— এমন প্রত্যাশার কথা উঠে এসেছে ঢাকার এক সম্মেলনে।

রোববার বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘তথ্যের অখণ্ডতা সম্মেলন ২০২৬’ শিরোনামে এ আয়োজন করা হয়।

‘অপতথ্যের জাল ছিঁড়ে’ প্রতিপাদ্য নিয়ে হওয়া এ সম্মেলনে তথ্য, অপতথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ভবিষ্যতসহ নানা বিষয়ে আলোচনা হয়।

সম্মেলন উদ্বোধন করেন দেশের প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম খান।

তিনি বলেন, “আপনাদেরকে এটি ভুলে গেলে চলবে না, ২০০৯ সালে যখন তথ্য অধিকার আইনটি হয়েছে এবং এই কমিশন গঠন করা হয়েছে, ১৭ বছরে কেন আপনি জানেন না তথ্য কমিশন কী?

“এ কারণেই জানেন না যে, এই ১৭ বছরের রাজনৈতিক যে প্রেক্ষাপটটি ছিল, সেটি ছিল ‘এক্সেপশনাল’ প্রেক্ষাপট। আমরা গণতন্ত্রহীনতার পথে হেঁটেছি।”

বর্তমান সরকারের কাছে নিজের প্রত্যাশা তুলে ধরে তিনি বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে, গণতান্ত্রিক সরকার, যেটি জনগণের রায়ে নির্বাচিত হয়েছে, এই সরকারের প্রথম দায়িত্বই হবে তথ্য কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা দেওয়া।

“আমি এই বিশ্বাসটিই করতে চাই যে, গণতান্ত্রিক সরকারে তথ্য কমিশন সবচেয়ে বেশি স্বাধীন হবে এবং সেই স্বাধীনতার জায়গাটা নিয়েই আসলে আমরা কাজ করব।”

তিনি বলেন, “মানুষ ভুলেই গেছে যে তথ্য কমিশন বলে কিছু একটা আছে। পুরো পৃথিবীতে মানবাধিকার কমিশন ও তথ্য কমিশন হল সবচেয়ে শক্তিশালী, কিন্তু বাংলাদেশে এই দুটি কমিশন হল সবচেয়ে দুর্বল।”

ডেটাফুলের নির্বাহী পরিচালক পলাশ দত্তের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক শাহরিয়ার করিম, দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি এবং গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক সদস্য ও ডয়েচেভেলে একাডেমির প্রকল্প ব্যবস্থাপক জিমি আমির উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ছয়টি অধিবেশনের মধ্যে প্রথমে ‘অপতথ্যের যুগে নির্বাচনি রাজনীতি’ শিরোনামে আলোচনা হয়।

এই অধিবেশনে সঞ্চালনা করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ আবিদুর রাজ্জাক খান। আলোচক ছিলেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি ও দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী এমাদ উদ্দীন, ডেটাফুলের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বিশেষজ্ঞ মনিরুল হাসান, এঙ্গেজমিডিয়ার প্রজেক্ট লিড রেজওয়ান ইসলাম ও আলাপের বিশেষ প্রতিনিধি শেরিফ আল সায়ার উপস্থিত ছিলেন।

বাংলাদেশের নির্বাচন কমিশনের নানা দিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনি প্রচারের নানা বিষয় ওঠে আসে আলোচনায়।

দ্বিতীয় অধিবেশনে ‘জেনজির চোখে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অপতথ্য’ শিরোনামে আলোচনা হয়।

জিমি আমিরের সঞ্চালনায় আলোচক ছিলেন ডিডব্লিউ একাডেমির প্রজেক্ট ম্যানেজার জোনায়েদ ইকবাল, ডিডব্লিউ একাডেমির ট্রেইনার নাইমুর রহমান, ডিডব্লিউ একাডেমির ফেলো মাইশা তাবাসসুম রিনতা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইয়োথ ভলান্টিয়ার হাসনা হেনা বর্ষা।

তারা তথ্য সম্পর্কে মানুষের মাঝে সচেতনা তৈরির বিষয় এবং অপতথ্য বা ভুল তথ্য না ছড়ানোর বিষয়ে আলোচনা করেন।

তৃতীয় অধিবেশনে ‘তথ্যভিত্তিক আক্রমণ যখন লিঙ্গভিত্তিক আক্রমণ’ শিরোনামে আলোচনা হয়।

ভয়েসের উপ-পরিচালক মুশাররাত মাহেরার সঞ্চালনায় আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাটিজ বিভাগের অধ্যাপক সানজীদা আখতার, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনলাসের ইয়োথ অ্যাক্টিভিস্ট জীবন্তী নাওরুন, ভয়েসের প্রোগাম অফিসার প্রিয়তা ত্রিপুরা এবং দ্য পোস্টের এডিটর (কনটেন্ট অপারেশন) ফারহানা রহমান।

সম্মেলনের চতুর্থ অধিবেশনে ‘মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ না করে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ’ শিরোনামে আলোচনা হয়। টেক গ্লোবাল ইনস্টিটিউটের বাংলাদেশ প্রধান ফৌজিয়া আফরোজের সঞ্চালনায় আলোচক ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি অনুবিভাগের ড. সৈয়দ মুনতাসির রহমান, নেত্র নিউজের নির্বাহী সম্পাদক নাজমুল আহসান এবং ব্লাস্টের উপদেষ্টা প্রিয়া আহসান চৌধুরী।

পঞ্চম সেশনে ‘অপতথ্য, সাংবাদিকের নিরাপত্তা ও প্রকাশের অধিকার’ শিরেনামে আলোচনা হয়।

সম্মেলনের সর্বশেষ অধিবেশনে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে গণমাধ্যমে আস্থার স্বরূপ’ বিষয়ে আলোচনা হয়। সাংবাদিক গাজী নাসিরউদ্দিন আহমেদের সঞ্চালনায় আলোচক ছিলেন এজেন্সি ফ্রান্স প্রেসের ডিজিটাল যাচাই সম্পাদক মোহাম্মদ ইয়ামিন, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক মো. সামসুল ইসলাম, দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক শাহরিয়ার করিম এবং লেখক, সাংবাদিক ও চিত্রনাট্যকার শিবব্রত বর্মন।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তথ্য কমিশনার মাহফুজুর রহমান বলেন, “তথ্য অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ তথ্য কমিশন আরও অগ্রণী ভূমিকা পালন করবে।”

ডেটাফুলের আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল ডয়েচেভেলে একাডেমি, ফ্রি প্রেস আনলিমিটেড, ইন্টারন্যাশনাল মিডিয়া সার্পোট, টেক গ্লোবাল ইনস্টিটিউট ও ভয়েস। মিডিয়া পার্টনার হিসেবে ছিল বিডিনিউজ টয়েন্টিফার ডটকম।