তথ্য কমিশনকে গতিশীল ও কার্যকর করার আহ্বান তথ্য অধিকার ফোরামের
“তথ্য কমিশনকে সহায়তার জন্য পর্যাপ্ত জনবল ও বাজেট বরাদ্দ প্রয়োজন,” বলেছে ফোরাম।
তথ্য কমিশনারদের পদমর্যাদা ও সুযোগ-সুবিধা নির্ধারণের পাশাপাশি পর্যাপ্ত জনবল ও বাজেট বরাদ্দের মাধ্যমে তথ্য কমিশনকে গতিশীল ও কার্যকরভাবে পরিচালনার আহ্বান জানিয়েছে তথ্য অধিকার ফোরাম।
সেইসঙ্গে তথ্য অধিকার আইন নিয়ে কাজের অভিজ্ঞতাসম্পন্ন একজন পূর্ণ সচিব নিয়োগেরও দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার তথ্য কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে তথ্য অধিকার ফোরামের একটি প্রতিনিধি দল। পরে সংগঠনটির এক বিবৃতিতে এ কমিশন কার্যকর করতে কয়েকটি প্রস্তাব তুলে ধরা হয়।
স্বাধীন ও কার্যকরভাবে কমিশন পরিচালনায় ফোরামের পক্ষ থেকে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে বিবৃতিতে বলা হয়, “তথ্য অধিকার ফোরাম মনে করে তথ্য কমিশনারগণের অপসারণের কারণ ও পদ্ধতি সুপ্রিম কোর্টের একজন বিচারক অপসারণের কারণ ও পদ্ধতির অনুরূপ। তাই প্রধান তথ্য কমিশনার ও কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য সুবিধাদি যথাক্রমে আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগের বিচারকের অনুরুপ হওয়া প্রয়োজন।
“তাদের পদমর্যাদা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হলে জনমনে বিশেষত অভিযোগকারী এবং তথ্য সরবরাহকারীদের মনে বিভ্রান্তির সৃষ্টি হয়। পাশাপাশি অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সহযোগিতা নিশ্চিতের জন্যও এই পদমর্যাদা বাস্তবায়ন প্রয়োজন।”
ফোরাম বলেছে, তারা মনে করে পেশাদারিত্বের সঙ্গে তথ্য কমিশন পরিচালনা, জনসচেতনতা সৃষ্টি এবং বিশেষত বিচারিক কার্যক্রম পরিচালনার কাজে কমিশনকে সহায়তার জন্য পর্যাপ্ত জনবল এবং বাৎসরিক বাজেট বরাদ্দ করা প্রয়োজন।
তথ্য কমিশনের সাচিবিক দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য তথ্য কমিশনে আইনটির প্রতি সংবেদনশীল এবং আইনটি নিয়ে কাজের অভিজ্ঞতাসম্পন্ন একজন পূর্ণ সচিব নিয়োগ আবশ্যক বলেও মনে করে তথ্য অধিকার ফোরাম।
তথ্য অধিকার ফোরামের বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক শাহীন আনাম, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ এম বজলুর রহমান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, আইসোশ্যালের নির্বাহী চেয়ারপারসন অনন্য রায়হান, ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেনসহ বেশ কয়েকজন সহমত পোষণ করেন।
