১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য কমিশনকে প্রশ্ন করুন, সমালোচনা করুন: প্রধান তথ্য কমিশনার

তিনি বলেন, গণতান্ত্রিক সরকারের প্রথম দায়িত্ব হওয়া উচিত তথ্য কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা দেওয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 09:07 PM

Updated : 15 Nov 2026, 09:07 PM

তথ্য কমিশনের কাজ নিয়ে প্রশ্ন তোলার, সমালোচনা করার এবং জবাবদিহি দাবি করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।

রোববার রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে ডেটাফুল আয়োজিত ‘তথ্যের অখণ্ডতা সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

নাহরিন ইসলাম খান বলেন, “আমরা আপনাদের কাছে সেই জায়গাটা চাই, আপনারা প্রশ্ন করবেন। তথ্য কমিশনকে প্রশ্নবিদ্ধ করবেন, প্রশ্নের মধ্যে আনবেন, জানতে চাইবেন এবং তথ্য কমিশনের সমালোচনা করবেন। কারণ, যখন সমালোচনা হয়, সেই সমালোচনাই আপনাকে এগিয়ে নেওয়ার পথ তৈরি করে।”

তথ্য অধিকার আইন প্রণয়নের ১৭ বছর পরও অনেক মানুষ যে তথ্য কমিশন সম্পর্কে জানেন না, সে কথা তুলে ধরে তিনি বলেন, “আপনাদের এটি ভুলে গেলে চলবে না, ২০০৯ সালে তথ্য অধিকার আইন হওয়ার পরও ১৭ বছরে কেন আপনি জানেন না তথ্য কমিশন কী? এই কারণেই জানেন না যে, এই ১৭ বছরের একটি ব্যতিক্রমী রাজনৈতিক প্রেক্ষাপট ছিল। আমরা গণতন্ত্রহীনতার পথে হেঁটেছি।”

তিনি বলেন, গণতান্ত্রিক সরকারের প্রথম দায়িত্ব হওয়া উচিত তথ্য কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা দেওয়া।

“আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, গণতান্ত্রিক সরকারের অধীনে তথ্য কমিশন সবচেয়ে বেশি স্বাধীন হবে। সেই স্বাধীনতার জায়গা নিয়েই আমরা কাজ করব।”

নাগরিকদের তথ্য জানার অধিকার প্রসঙ্গে নাহরিন ইসলাম বলেন, “নাগরিক হিসেবে যেটি আমরা ভুলে গিয়েছিলাম, সেটি হল—আমাদের অধিকার আছে, করের টাকা কীভাবে খরচ হয়েছে, কেন হয়েছে, সেই প্রশ্নটি আপনারা জারি রাখবেন।”

তথ্য অধিকার আইনের সীমাবদ্ধতা নিয়ে কাজ করার আগ্রহের কথাও বলেন প্রধান তথ্য কমিশনার।

নাহরিন ইসলাম বলেন, গত ১৭ বছরে তথ্য কমিশন মূলত নিয়মিত কাজের অংশ হিসেবে নাগরিকদের করা অভিযোগ নিষ্পত্তির চেষ্টা করেছে। তবে কমিশনের কাজের আরও অনেক ক্ষেত্র রয়েছে, সেসব নিয়েও তারা কাজ করতে চান।

তিনি বলেন, “আমার নিয়মিত কাজের বাইরে অপতথ্য, অপপ্রচার, তথ্য যাচাই—এসব নিয়েও কাজ করতে চাই। আমরা আরও চিন্তা করে দেখছি, প্রচলিত ধারার বাইরে কী কী কাজ করা যায়। আমি মনে করি, তথ্য পাওয়ার অধিকার যেমন সীমাহীন, চিন্তার অধিকারও তেমন সীমাহীন। সেটিকে বাস্তবায়নের স্বপ্ন দেখাটাও সীমাহীন।”

সম্মেলনে ‘অপতথ্যের যুগে নির্বাচনী রাজনীতি’, ‘জেনজি’র চোখে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অপতথ্য’, ‘তথ্যভিত্তিক আক্রমণ যখন লিঙ্গভিত্তিক আক্রমণ’, ‘মতপ্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ না করে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ’ এবং ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে গণমাধ্যমের আস্থার স্বরূপ’ শিরোনামে বিভিন্ন অধিবেশন হয়।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি, দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক শাহরিয়ার করিম, গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক সদস্য জিমি আমির, ভয়েসের উপপরিচালক মুশাররাত মাহেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক সানজীদা আখতার, দ্য পোস্টের কনটেন্ট এডিটর ফারহানা রহমান, নেত্র নিউজের নির্বাহী সম্পাদক নাজমুল আহসান, ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী এবং ডেটাফুলের নির্বাহী পরিচালক পলাশ দত্ত।

ডেটাফুল আয়োজিত এ সম্মেলনে সেশন পার্টনার ছিল ডিডব্লিউ একাডেমি, ফ্রি প্রেস আনলিমিটেড, টেক গ্লোবাল ইনস্টিটিউট ও ভয়েস। মিডিয়া পার্টনার ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।