২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে এইডস রোগী বেড়েছে ২২%, এক বছরে শনাক্ত ২৩০৫

এসব রোগীদের মধ্যে ৮৫ শতাংশ পুরুষ, ১৫ শতাংশ মহিলা এবং ১ শতাংশ তৃতীয় লিঙ্গের মানুষ আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 03:50 PM

Updated : 29 Nov 2026, 03:50 PM

দেশে গেল এক বছরে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের সংখ্যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেশি।

এসব রোগীদের মধ্যে ৮৫ শতাংশ পুরুষ, ১৫ শতাংশ মহিলা এবং ১ শতাংশ তৃতীয় লিঙ্গের মানুষ আছেন। রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় বলছে, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪৮ শতাংশ বিবাহিত, ৪৮ শতাংশ অবিবাহিত, ১ শতাংশ বিধবা ও ১ শতাংশ বিবাহ বিচ্ছেদের পর একা বসবাস করেন।

আক্রান্ত ব্যক্তিদের বয়স বিশ্লেষলে দেখা যায় ২৫-৪৯ বছর বয়সীর হার ৬১ শতাংশ; এবং ২০-২৪ বছর বয়সী ২৪ শতাংশ, অন্যান্য বয়সী আছেন ১৫ শতাংশ।

আক্রান্ত ব্যক্তিদের পেশা ও আচরণগত পরিচয় বিশ্লেষণে দেখা গেছে, তাদের মধ্যে ৫০ শতাংশ পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসএম), ১০ শতাংশ নারী যৌনকর্মীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসডব্লিউ), ১ শতাংশ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্য।

এছাড়া ১ শতাংশ নারী যৌনকর্মী এবং ৪ শতাংশ শিরায় মাদক গ্রহণকারী। এ ছাড়া বিদেশফেরত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ১১ শতাংশ এবং অন্যান্য সাধারণ জনগোষ্ঠীর মধ্যে ১৮ শতাংশ সংক্রমণ শনাক্ত হয়েছে।

এইডস চিকিৎসা সেবার বিষয়ে বলা হয়, দেশে মূলত সরকারি ও উন্নয়ন সহযোগী দ্য গ্লোবাল ফান্ডের অর্থায়নে কার্যক্রম চলমান রয়েছে। সরকারি অর্থায়নে মূলত ২০টি জেলার ২৩টি সরকারি হাসপাতালে এইচআইভি টেস্টিং সেন্টার ও ১৬টি মেডিকেল কলেজ হাসপাতালে ও ৮টি এনজিও পিআর এর ড্রপ ইন সেন্টারে এইচআইভি আক্রান্তদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়।

হাসাপাতলের এইচআইভি কার্যক্রম ভালোভাবে পরিচালনার জন্য ও এইচআইভিতে কর্মসূচিতে অর্থায়ন বাড়ানোর লক্ষে একটি ডিপিপি প্রস্তুত করা হয়েছে, যেখানে ৬৪ জেলার, মেডিকেল কলেজ হাসাপাতাল/ জেলা সদর হাসাপাতালে এইচআভি টেস্টিং সেবা দেওয়া হবে।

সে অনুয়ায়ী প্রতিটি জেলার জন্য জনবলও প্রস্তাব করা হয়েছে। এইচআইভি আক্রান্তদের চিকিৎসা ও বিনামূল্যে প্রায় ১০ হাজার ১১৪ জন রোগির ঔষধ (এআরভি) সরকার থেকে দেওয়া হচ্ছে।

দেশে এইচআইভি পরিস্থিতি:

বাংলাদেশে সর্বপ্রথম ১৯৮৯ সালে এইচআইভি শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত সাধারণ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণের হার ০ দশমিক ০১ শতাংশের নিচে, যা স্থিতিশীল রয়েছে।

তবে এই নিম্ন প্রাদুর্ভাবের আড়ালে নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীরশিরায় মাদক গ্রহণকারী, নারী/ পুরুষ যৌনকর্মী এমএসএম/ এমএসডাব্লিউ, তৃতীয় লিঙ্গের মধ্যে সংক্রমণের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি।

২০২০ সালে এইচআইভি শনাক্ত হয় ৬৫৮ জনের শরীরে, মারা যান ১৪১ জন। ২০২১ সালে ৭২৯ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়, তাদের মধ্যে মারা যান ২০৫ জন।

২০২২ সালে রোগী শনাক্ত হয় ৯৪৭ জন, আর মারা যান ২৩২ জন। পরের বছন ২০২৩ সালে এইচআইভি আক্রান্ত রোগী শনাক্ত হয় ১২৭৬ জন তাদের মধ্যে ২৬৬ জন মারা যায়। ২০২৪ সালে রোগী ছিল ১ হাজার ৪৩৮ জন আর মারা যান ১৯৫ জন।

২০২৫ সালে এইচআইভি শনাক্ত হওয়া ১ হাজার ৮৯১ জনের মধ্যে ২১৯ জন মারা যান।