১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

নভেম্বরের ১১ দিনে ডেঙ্গুতে ৫৯ মৃত্যু, শীর্ষে ঢাকা বিভাগ

দেশে গত একদিনে ডেঙ্গুতে আরও ৪ জন মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 06:30 PM

Updated : 11 Nov 2026, 06:30 PM

দেশে গত এক দিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মারা যাওয়া সবাই ঢাকা বিভাগের

একই সময়ে আরও ১৯০০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট ৪৭৯ জনের প্রাণ গেল। এর মধ্যে চলতি নভেম্বরের ১১ দিনেই ৫৯ জন মারা গেছে। এর আগে অক্টোবর মাসে ১৭৪ জনের এবং সেপ্টেম্বর মাসে ১৪৮ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিন অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ও রোগী ভর্তিতে শীর্ষে অবস্থান করছে ঢাকা বিভাগ। বছরের শুরু থেকে এ পর্যন্ত ঢাকা বিভাগে ২৩৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩ হাজার ৮১৫ জন; তাদের মধ্যে ছাড়া পেয়েছেন ৬০ হাজার ৯১৭ জন। এখনো হাসপাতালে ভর্তি আছে ২৬৬৩ জন।

মৃত্যু ও রোগী ভর্তিতে দ্বিতীয় অবস্থানে আছে খুলনা বিভাগ। চলতি বছর এ বিভাগে মারা গেছে ৮৫ জন। মোট রোগী ভর্তি হয়েছে ২৩ হাজার ৭৪ জন, ছাড়া পেয়েছে ২২ হাজার ৩০ জন। এখনো হাসপাতালে ভর্তি আছে ৯৫৯ জন।

বিভাগগুলোর মধ্যে এর পরে মৃত্যুর সংখ্যায় যথাক্রমে আছে চট্টগ্রাম ৪৭ জন, ময়মনসিংহ ৩৮ জন, বরিশালে ৩২ জন, রাজশাহীতে ২৯ জন, রংপুরে ৮ জন ও সিলেটে ৪ জন।

বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা বিভাগে ৭৮০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। অন্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২৪২, বরিশালে ২৪৯, খুলনায় ২২৬, রাজশাহী ১৯৮, রংপুর বিভাগে ১০৯, ময়মনসিংহে ৮৫, সিলেটে ১১ জন ভর্তি হয়েছেন।

তাদের নিয়ে চলতি বছর মোট ১ লাখ ৫৫ হাজার ৬৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ লাখ ৪৯ হাজার ১২৩ জন রোগী হাসপাতাল ছেড়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৬৭ জন রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে।

এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।