০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

একদিনে প্রায় দুই হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, আরও ৬ মৃত্যু

নভেম্বর মাসের প্রথম দুই দিনেই ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 05:20 PM

Updated : 02 Nov 2026, 05:20 PM

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে আরও ১ হাজার ৯২৯ জন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট ৪৩৩ জনের প্রাণ গেল; যার মধ্যে নভেম্বর মাসের প্রথম দুই দিনেই ১৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত অক্টোবর মাসে বছরের সর্বোচ্চ ১৭৪ জন এবং সেপ্টেম্বর মাসে ১৪৮ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা বিভাগে ৯০০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। অন্য বিভাগের মধ্যে বরিশালে ১৮৩ জন, চট্টগ্রামে ২৫২ জন, খুলনায় ২৯৪ জন, ময়মনসিংহে ৯৫, রাজশাহী ১৫৩, রংপুরে ৭১ জন এবং সিলেট বিভাগে ২২ জন ভর্তি হয়েছেন।

বুলেটিন অনুসারে, চলতি বছর এ পর্যন্ত মোট ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ লাখ ৩২ হাজার ৪৪৯ জন রোগী হাসপাতাল ছেড়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ১৭ জন রোগী ভর্তি রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।