রেলের নিয়োগ দুর্নীতির আরেক মামলায় সাবেক দুই কর্মকর্তার সাজা
তাদের মধ্যে একজন পলাতক রয়েছেন।
পূর্ব রেলের ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ দুর্নীতির মামলায় সাবেক বাংলাদেশ রেলওয়ের সাবেক দুই কর্মকর্তাকে সাজা দিয়েছে আদালত।
সোমবার এ রায় ঘোষণা করেন চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান।
দণ্ডিতরা হলেন—পূর্ব রেলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা এবং সাবেক সোশাল ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরীয়া।
দুদকের পিপি মোকাররম হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রেলওয়ের নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি গোলাম কিবরিয়াকে ৩ বছর এবং ইউসুফ আলী মৃধাকে ২ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
“তাদের মধ্যে গোলাম কিবরিয়া অন্য মামলায় সাজা প্রাপ্ত হয়ে কারাগারে আছেন। আর ইউসুফ আলী মৃধা পলাতক।”
এ মামলার আসামিদের মধ্যে রেলওয়ের সাবেক অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান চৌধুরী এবং দুই নিয়োগ প্রার্থী শহীদুল ইসলাম ও ইলিয়াস হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, নিয়োগ প্রার্থীদের লিখিত পরীক্ষার খাতায় ও টেবুলেশন শিটে ঘষামাজা করে ফেল করা প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়।
এক্ষেত্রে ফেল করা প্রার্থীকে ৮ নম্বর গ্রেস দিয়ে পাস দেখানো হয় এবং জেলা কোটাও ঠিকভাবে অনুসরণ করা হয়নি বলে এজাহারে বলা হয়।
ট্রেড অ্যাপ্রেনটিস-এর ৪০০টি শূন্য পদে নিয়োগের জন্য ৩৮ হাজার ৩১৭ জন আবেদন করেছিলেন। এর মধ্যে বাছাই শেষে ৮ হাজার ১৩৯ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরে ১ হাজার ২২৫ জনকে মৌখিক পরীক্ষার জন্য চিঠি পাঠানো হয়।
২০১২ সালের ১৩ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সেসময়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে মামলাটি করেছিলেন।
অভিযোগপত্র জমা হওয়ার পর ২০১৭ সালের ১২ নভেম্বর পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। মামলাটিতে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এ রায় দিল।
এর আগে রোববার পূর্ব রেলের রেকর্ড কিপার পদে নিয়োগ দুর্নীতির আরেক মামলায় ইউসুফ আলী মৃধা ও গোলাম কিবরীয়াকে সাজা দেয় আদালত।
