বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী অক্টোবরে, আরও ৭ মৃত্যু
চলতি মাসে এ নিয়ে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৪৪ হাজার ৩২৮ জন।
দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ২ হাজার ২৪৯ জন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের রোববারের বুলেটিন অনুযায়ী, চলতি অক্টোবর মাসে এ নিয়ে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৪৪ হাজার ৩২৮ জন; যা চলতি বছরের মাসের হিসেবে সর্বোচ্চ। এর আগের মাস সেপ্টেম্বরে ৪৩ হাজার ৭৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট ৩৮৪ জনের প্রাণ গেল। এর মধ্যে অক্টোবর মাসেই প্রাণ গেছে ১৩৯ জনের।
বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালগুলোতে ২২৭ জন ডেঙ্গু ভর্তি হন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে ভর্তি হন ২০১ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬০৫ জন।
অন্য বিভাগের মধ্যে বরিশালে ২১১ জন, চট্টগ্রামে ২১৭ জন, খুলনায় ২৯৭ জন, ময়মনসিংহে ১৫৫, রাজশাহী ১৭৪, রংপুরে ৮২ এবং সিলেটে ৩০ জন ভর্তি হয়েছেন।
বুলেটিন অনুসারে, চলতি বছর এ পর্যন্ত মোট ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যার মধ্যে ১ লাখ ১৭ হাজার ৪০০ জন রোগী হাসপাতাল ছেড়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ২৬৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।
